সাভারের আশুলিয়ায় মোটরসাইকেল চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকরা স্থানীয় এক যুবলীগ নেতার ছত্রছায়ায় থেকে কাইচাবাড়ী এলাকায় চুরি, ছিনতাই, বিচারের নামে ফিটিংবাজিসহ বিভিন্ন অপকর্ম চালাতেন বলে জানতে পেরেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।
এর আগে, বুধবার (৩০ নভেম্বর) সকালে তাদের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ দায়ের করেন গোলাম বাপ্পি নামের এক যুবক। পরে সন্ধ্যার আশুলিয়ার কাইচাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হয়েছেন: আশুলিয়ার বাইপাইল উত্তর পাড়া এলাকার মো. জহির (৪২), রংপুরের পীরগাছা থানার পুর্ব পাড়ুল হিরু শেখ (৩৫) ও খুলনা জেলার পাইকগাছা থানার পাটকেল এলাকার মো. শফিকুল ইসলাম শিকারী (৩৪)।
খোঁজ নিয়ে জানা যায়, মামলার প্রথম আসামি মো. জহির আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. বাদল শেখের অত্যন্ত ঘনিষ্ঠজন। সে বাদল শেখের ছত্রছায়ায় থেকে কাইচাবাড়ী এলাকায় চুরি, ছিনতাই, বিচারের নামে ফিটিংবাজি সহ বিভিন্ন অপকর্ম করে থাকে।
নাম প্রকাশ না করার শর্তে কাইচাবাড়ী এলাকার এক বাসিন্দা জানান, জহির কাইচাবাড়ী এলাকায় বিভিন্ন অপকর্ম করলেও তার কোনো বিচার হয় না। বাদল শেখের ছত্রছায়ায় থাকায় তার বিরুদ্ধে মুখ খুলতে সবাই ভয় পায়।
অভিযোগ সূত্রে জানা যায়, গোলাম বাপ্পি ও মো. মামুন মিয়া নামের দুই যুবকের ইয়ামাহা-আর ওয়ান ফাইভ ও রানার বোল্ট মোটরসাইকেল ২টি মাসিক ভাড়া চুক্তিতে প্রতিবেশি আব্দুর রহমান জগলুর ছয় তলা বাড়ির নিচতলায় রাখতেন। শফিকুল ইসলাম ওই বাড়ির দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। জহির এবং আনিসুর বাড়ির দারোয়ান শফিকুলের সাহায্য নিয়ে ২৯ নভেম্বর দিবাগত রাতে মোটরসাইকেল দুটি চুরি করে। যা পাশের জামাল হোসেনের বাড়ি এবং প্রুভেন্ট ফ্যাসন লি. এর সিসিটিভির ফুটেজে পাওয়া যায়।
এ বিষয়ে আশুলিয়া থানা আহ্বায়ক কমিটি সদস্য বাদল শেখ বলেন, আমি ব্যাডমিন্টন খেলার সময় দেখলাম দুইজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তো আমার এগুলো দেখার বিষয় না। আমি ব্যবসা করি আমার মত করে। সে ব্যবসা করে তার মতো। আর আমি খালি বিচার সালিশ করার জন্য এলাকায় ব্যবসা করি না। আমার ব্যবসা নিয়ে আমি ব্যস্ত। তাছাড়া জহির আমার কিছু হয় না, সে আমার পাড়া প্রতিবেশী।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।