গাজীপুরের শ্রীপুরে অবৈধ অভিযোগ এনে পাঁচটি ইটভাটা ভেঙে দেওয়ার ২৪ ঘণ্টা যেতে না যেতেই ফের চালু করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেঙে দেওয়া ইটভাটা একদিনেই কীভাবে বৈধ হয়ে গেলে সে নিয়ে এলাকাবাসী বিস্ময় প্রকাশ করেছেন। গত মঙ্গলবার উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে পরিবেশ অধিদপ্তরের অভিযানে পাঁচটি ইটভাটা ‘অবৈধ’ বলে ভেঙে দেওয়া হয়েছিল। এ ঘটনায় ওই পাঁচ ইটভাটাকে জরিমানা করা হয় ২০ লাখ টাকা। কিন্তু ভেঙে দেওয়ার পরদিন গত বুধবার ওই পাঁচটি ইটভাটা আবারও চালু হয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার গিয়ে দেখা গেছে, সামান্য ভাঙা অংশ মেরামত করে ফের চালু করা ইটভাটাতে ইট পোড়ানো হচ্ছে। তবে এ নিয়ে ভাটার লোকজন কোনো কথা বলতে রাজি হয়নি। পরিবেশ অধিদপ্তরের এমন কা-ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার দিনভর নানা নাটকীয়তা শেষে কে বি এম ব্রিকস, এল বি এম ব্রিকস, এল বি এম ব্রিকস-২, এ বি এম ব্রিকস ও মদিনা ব্রিকসের কিছু কিছু অংশ ভাঙা হয়। অভিযানে ওই পাঁচ ভাটার ইট পোড়ানোর দেয়াল সামান্য করে ভাঙা হয়। যা অল্প সময়ে অল্প খরচে মেরামত করা সম্ভব। ইটভাটার ব্যয়বহুল ও গুরুত্বপূর্ণ অংশ চিমনিগুলো অক্ষত রাখা হয়।
পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক নয়ন মিয়া বলেন, ভাটার চিমনি ভাঙতে হলে অনেক জনবল ও অর্থ দরকার হয়। এগুলো আমাদের পর্যাপ্ত নেই। আমরা প্রয়োজনে ওই ইটভাটাগুলোতে আবারও অভিযান পরিচালনা করব।