আরও একবার সালমান খানের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়লেন নব্বইয়ের দশকের বলিউড অভিনেত্রী সোমি আলি। অভিনেত্রী বলেন, সালমান নাকি তার ওপর দিনের পর দিন শারীরিক নির্যাতন করতেন। শুধু তাই নয়, সোমি জানান, সালমান নাকি তার গায়ে একাধিকবার সিগারেটের ছ্যাঁকা দেন!
সালমানের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ সোমি সোশাল মিডিয়ায় লিখেছেন। সঙ্গে দিয়েছেন সালমানের সঙ্গে তোলা তার একটি ছবি। সোমি লেখেন, 'তোমার মতো নারীবিদ্বেষী আর একজনও নেই। আর সেই সব অভিনেত্রীরও লজ্জা হওয়া উচিত, যারা এ রকম একটা মানুষকে এখনও সমর্থন করেন।'
শুধু তাই নয়, দেশে সোমির অনুষ্ঠান বন্ধ করতেও নাকি সালমানের ভূমিকা ছিল বলে জানান অভিনেত্রী। কিন্তু পরে কোনো কারণ না জানিয়েই ওই পোস্ট ডিলিট করে দেন সোমি। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। পোস্টের স্ক্রিনশট দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
সোমি একপ্রকার সালমানের বিরুদ্ধে 'যুদ্ধ' ঘোষণা করেছেন। লিখেছেন, 'কোনো আইনজীবী তোমাকে বাঁচাতে পারবে না! আমার ৫০ জন আইনজীবী রয়েছেন।' সোমি তার বক্তব্যে হ্যাশট্যাগে রেখেছেন শাহরুখ খান, সুস্মিতা সেন, পূজা ভাট, মহেশ ভাট, শোভা দে এবং নীনা গুপ্তর মতো বিশিষ্টদের।
উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে টানা পাঁচ বছর সালমানের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। যদিও এ সম্পর্ক নিয়ে তারা প্রকাশ্যে কখনো মুখ খোলেননি। প্রসঙ্গত, এ নিয়ে দ্বিতীয়বার সালমানের বিরুদ্ধে মুখ খুললেন সোমি। এর আগে গত মার্চ মাসে 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবি থেকে সালমান ও ভাগ্যশ্রীর একটা ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে সালমানের বিরুদ্ধে তার অভিযোগ ব্যক্ত করেন। লিখেছিলেন, 'ও নারী নির্যাতন করেছে। ওকে সমর্থন করা বন্ধ করুন।' সেই পোস্টে অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকেও ট্যাগ করেন। সে বারও পোস্ট মুছে দেন সোমি। বলিউড থেকে অবসর নেওয়ার পর সোমি এখন স্বেচ্ছাসেবী সংস্থা চালান। মূত্র : টাইমস অব ইন্ডিয়া