ধারাভাষ্য দেওয়ার সময় বুকে ব্যথা, হাসপাতালে পন্টিং

পার্থে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজের প্রথম টেস্ট চলছে। ম্যাচটিতে ধারাভাষ্য দিচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। শুক্রবার ম্যাচের তৃতীয় দিন যিনি ধারাভাষ্য দেওয়ার মাঝে বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এদিন লাঞ্চ ব্রেকের কিছু আগে বুকে ব্যথা অনুভব করেন পন্টিং। অস্ট্রেলিয়ার নিউজ ডটকমের খবর বলছে, ধারাভাষ্যকক্ষের সহকর্মীদের কাছে ‘সব ঠিক আছে’ বলে জানিয়েছেন পন্টিং। সতর্কতার অংশ হিসেবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে শেন ওয়ার্ন, অ্যান্ড্রু সাইমন্ডস এবং ডিন জোন্সের মৃত্যু ক্রীড়া বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এই বছর মার্চ মাসে তাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পন্টিংয়ের সাবেক সতীর্থ ওয়ার্ন। ৫২ বছর বয়স হয়েছিল তার। গাড়ি দুর্ঘটনায় মারা যান সাইমন্ডস। ডিন জোন্সও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ চলার সময় বুকে ব্যথা অনুভব করেন ব্রায়ান লারা। তাকে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছিল।