গত জিম্বাবুয়ে সিরিজের আগে টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে বেশ নাটক হয়। তখন মাহমুদউল্লাহ রিয়াদের বদলে ভবিষ্যৎ অধিনায়ক তালিকায় নুরুল হাসান সোহান ও লিটন দাসের নাম ছিল বেশ শক্তভাবে। ওই সময়ই জানানো হয়েছিল ওয়ানডেতে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য লিটনকে ভাবা হচ্ছে। ২০২৩ বিশ্বকাপের পর লিটন হয়ত নতুন ওয়ানডে অধিনায়ক হবেন। কিন্তু অতদূর যেতে হয়নি। বিশ্বকাপের আগের বছরই নেতৃত্ব পেয়ে যাচ্ছেন লিটন। ভারতের সঙ্গে আসন্ন সিরিজে দেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক হচ্ছেন এই ব্যাটার।
গত বুধবার নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলতে গিয়ে কুঁচকিতে চোট পান তামিম। ওই চোটে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও প্রথম টেস্ট অনিশ্চিত হয়ে যায় বাংলাদেশ ওপেনারের। তার জায়গায় সাকিব আল হাসান ও লিটন দাস ছিলেন অধিনায়কের তালিকায়। কাল বিসিবি আনুষ্ঠানিকভাবে লিটনের নাম ঘোষণা করে। ২০১৫ সালে ভারতের বিপক্ষে হোম সিরিজ দিয়ে ওয়ানডে যাত্রা শুরু করেছিলেন লিটন। এবার সেই ভারতের সঙ্গেই ক্যারিয়ারে নেতৃত্বের যাত্রাটাও শুরু করছেন।
বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন, নুরুল হাসান, শরিফুল ইসলাম।