চোরাচালানবিরোধী অভিযান পরিচালনাকালে ১৬টি সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত থেকে সোনার বারগুলো জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম মো. অহিদুজ্জামান (৩৫)। তার বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামে।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, সীমান্ত অভিমুখী একটি ইজিবাইককে চ্যালেঞ্জ করলে অহিদুজ্জামান পালানোর চেষ্টা করে। তার কাছে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকে ১৬টি সোনার বার জব্দ করা হয়। ইজিবাইকসহ অহিদুজ্জামানকে আটক করা হয়। জব্দ সোনার বারের ওজন ১ কেজি ৮৫৭ গ্রাম। কলারোয়া থানার ওসি মো. নাসিরউদ্দিন মৃধা জানান, এ ঘটনায় নায়েক সুবেদার রফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।