ডেঙ্গুর প্রকোপ কমছে, দুই দিনে মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় (গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২০ জন। এ সময়ে কেউ মারা যায়নি।

গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮০ জন। সেদিনও কেউ মারা যায়নি। এরও আগে গত ৩০ নভেম্বর ৪২৬ ও ২৯ নভেম্বর ৪৩৬ জন রোগী শনাক্ত হয়। ২৫ নভেম্বর ২২১ জন রোগী শনাক্তের পর কয়েক দিন রোগীর সংখ্যা ওঠানামা করছে।

চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৫৭ হাজার ৮৫৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং মারা গেছে ২৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত নভেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ হাজার ৩৩৪ জন এবং মারা গেছে ১১৩ জন। এর আগে গত অক্টোবর মাসে হাসপাতালে ভর্তি হয় ২১ হাজার ৯৩২ জন। ওই মাসে মারা গেছে ৮৬ জন। সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিল ৯ হাজার ৯১১ জন এবং মারা যায় ৩৪ জন।

গত আগস্টে হাসপাতালে ৩ হাজার ৫২১ জন ভর্তি হয়েছিল এবং মারা গিয়েছিল ১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ¦র নিয়ে হাসপাতালে ভর্তি ১২০ জনের মধ্যে ৭৮ জন ঢাকায় এবং ৪২ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৭২৭ জন।