শিক্ষার্থীদের ইদ্দেশে মুকেশ আম্বানি

'ফোর জি, ফাইভ জি নয়, সবার ওপর পিতাজি আর মাতাজি'

জীবনে বাবা-মায়ের গুরুত্ব কতখানি, তা আরও একবার স্মরণ করিয়ে দিলেন শিল্পপতি মুকেশ আম্বানি। গত সপ্তাহেই গুজরাতের গান্ধীনগরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় শক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুখোমুখি হন রিলায়েন্স-কর্তা। সেখানেই তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সবার ওপরে পিতাজি আর মাতাজি।

ঠিক ছিল, আম্বানি ফোর জি এবং ফাইভ জি প্রযুক্তি নিয়ে কথা বলবেন। নির্ধারিত বিষয় নিয়েই বক্তব্য রাখা শুরু করেন তিনি। তার পর প্রসঙ্গ খানিক ঘুরিয়েই শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকের যুবসমাজ 'জি' অক্ষরটি নিয়ে খুবই উৎসাহী। কিন্তু যতই ফোর জি কিংবা ফাইভ জি থাকুক, পিতাজি (বাবা) এবং মাতাজি (মা)-র তুলনায় কোনো জি-ই বড় নয়।

শিক্ষার্থীদের উদ্দেশে তার বার্তা, বাবা-মায়েরা শুধু তাদের সন্তানদের সাফল্য দেখবেন বলে দিন গোনেন। আম্বানির এই বক্তব্যের ভিডিও এর মধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকেই ভিডিওটি শেয়ার করে আম্বানির প্রশংসা করেছেন। সূত্র : আনন্দবাজার