এসডিজি অর্জনে সবার সম্পৃক্ততা প্রয়োজন : তাজুল

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, এসডিজি অর্জনে সবার সম্পৃক্ততা প্রয়োজন, প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণ এসডিজি অর্জন ত্বরান্বিত করবে। তাই সরকার সব শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করতে চায়। গতকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত ‘জনশুনানি, জাতীয় উন্নয়ন এবং স্থানীয় বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘মিশ্র জ্বালানি না হলে ভবিষ্যতে যেকোনো প্রতিকূলতা মোকাবিলা করা সম্ভব নয়। তাই নিউক্লিয়ার, কয়লা, তরল জ্বালানি গ্যাস ও আমদানিকৃত গ্যাসে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হয়।’

মন্ত্রী জানান, দরিদ্রতা, স্বাস্থ্য, শিক্ষাসহ সব ক্ষেত্রে স্থায়ী উন্নয়ন করতে আমাদের দীর্ঘমেয়াদে ধাপে ধাপে আগাতে হবে। প্রতি ৬০০০ মানুষের জন্য ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি হাসপাতাল গড়ে তোলেন। প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক চিকিৎসার জন্য কমিউনিটি হাসপাতাল কাজ করছে।