এক যুবককে বিয়ে করলেন যমজ দুই বোন!

এক যুবককে বিয়ে করলেন যমজ বোনেরা। এমনই উদ্ভট ঘটনা ঘটল ভারতের মহারাষ্ট্রের সোলাপুরে। দুই বোনের একই পাত্রকে পছন্দ ছিল। তাই দুই পরিবারই সেই উদ্ভট বিয়ে মেনে নিয়েছে। জাঁকজমকপূর্ণভাবে বিয়ের আয়োজনও করা হয়।

একাধিক রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্রের সোলাপুরের আকলুজ গ্রামের যমজ বোন পিঙ্কি ও রিঙ্কি দেখতে প্রায় একইরকমের। পেশাগত দিক থেকেও মিল আছে। দুজনই পেশায় আইটি ইঞ্জিনিয়ার। মুম্বাইয়ে কাজ করেন দুই বোন। চট করে বোঝা যাবে না, কে রিঙ্কি আর কে পিঙ্কি। তারইমধ্যে দুজনেরই একই যুবককে মনে ধরে। সেইমতো অতুল নামে ওই যুবককে একইসঙ্গে বিয়ে করেন যমজ বোনেরা।

মারাঠি সংবাদমাধ্যম মহারাষ্ট্র টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দুই বোনের বাবা মারা যান। তারপর থেকে মায়ের সঙ্গে থাকতেন দুই বোন। তারইমধ্যে দুই বোন এবং মা অসুস্থ হয়ে পড়েন। সেইসময় অতুলের গাড়িতে করে হাসপাতালে যেতেন তারা। সেইসময় দুই বোনেরই অতুলকে মনে ধরে যায়। তারপরই জাঁকজমকপূর্ণভাবে বিয়ের আয়োজন করা হয়।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একেবারে ঘটা করে বিয়ে হচ্ছে দুই যুবতীর। কয়েকজনের কাঁধে বসে আছেন ওই যুবক। তাকে মালা পরানোর চেষ্টা করছেন দুই বোন। ওই যুবক অনেকটা উঁচুতে থাকায় প্রাথমিকভাবে মালা পরাতে পারছিলেন না তারা। তারপর পেছন থেকে কেউ তুলে ধরেন এক বোনকে। তিনি ওই যুবকের গলায় মালা পরিয়ে দেন। অপর বোনও লাফিয়ে ওই যুবকের গলায় মালা পরিয়ে দেন। তারপর ওই যুবককে কাঁধ থেকে নামিয়ে দেওয়া হয়।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হুড়মুড়িয়ে ভাইরাল হয়ে গিয়েছে। অনেক নেটিজেন পুরো বিষয়টি নিয়ে হাসতে থাকেন। এক নেটিজেন বলেন, ‘আমাদের ভাগ্যই খারাপ।’ একজন আবার বলেন, ‘ভগবান কেন? কেন?’ কেউ কেউ আবার বিয়ের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য, একজনকে কি বিয়ে করতে পারেন দুই নারী বা বোন?

সূত্র: হিন্দুস্তান টাইমস