সিজারে গাভীর বাচ্চা প্রসব

গর্ভবতী নারীর সিজারের কথা সকলেই জেনে আসলেও এবার মুন্সীগঞ্জের সিরাজদীখানের একটি খামারে গাভীর সিজার করা হয়েছে।

উপজেলার বাহেরঘাটা গ্রামের বয়রাগাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সোহাগের খামারের গাভীর সিজার করা হয় গেল সপ্তাহের বুধবার। তবে রোববার ঘটনাটি লোকমুখে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎসুক অনেকেই গাভী ও বাছুর দেখার জন্য ইউপি চেয়ারম্যানের খামারে ভিড় করছেন।
 
ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সোহাগ জানান, তার খামারে ১২টি ষাড় ও ৫টি গাভী রয়েছে। এরমধ্যে ২ মাস অতিবাহিত হলেও একটি গর্ভবতী গাভীর বাছুর প্রসব হচ্ছিলো না। এতে তিনি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানার শরণাপন্ন হন।

পরে গেলো বুধবার সিরাজদীখান প্রাণী সম্পদ কর্মকর্তা ইউপি চেয়ারম্যানের খামারে সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোর্শেদ উদ্দিন আহম্মদের সঙ্গে গাভীর সিরাজ সম্পন্ন করেন। সিজারের মাধ্যমে গাভীটি একটি ফুটফুটে বাছুর জন্ম দিয়েছে। বর্তমানে গাভী ও বাছুর সুস্থ রয়েছে। 

সিরাজদীখান প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা বলেন, ইউপি চেয়ারম্যানের খামারের গাভীর স্বাভাবিক ডেলিভারি না হওয়ার কারণে আমরা সিজারের সিদ্ধান্ত নিয়েছিলাম। সিজারের মধ্য দিয়ে গাভীটি একটি বাছুর প্রসব করেছে। সব সময় গাভী ও বাছুরের খোঁজ-খবর নিচ্ছি। গাভীর সিজারের মাধ্যমে বাছুর জন্মের ঘটনা খুব সম্ভবত এটিই প্রথম বলে জানান তিনি।