গোল মিস করলেও লাউতারোর পাশে মেসি-স্কালোনি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭১ মিনিটে বদলি খেলতে নেমে  গোলের একাধিক সুযোগ মিস করেছেন লাউতারো মার্তিনেজ। প্রথম গোল মিস করেন ৮৮ মিনিটে। বাঁ প্রান্তে বল পেয়ে তিনি না মেরেছেন গোলে, না করতে পেরেছেন ক্রস। এরপর যোগ করা সময়ের ৩ মিনিটে লিওনেল মেসির অসাধারণ এক পাস থেকে গোলকিপারকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি। ২ মিনিট পর আবারও মেসি বল দেন তাকে। এবার তার সামনে ছিল শুধুই গোলকিপার। কিন্তু আবার ব্যর্থ মার্তিনেজ। সমালোচনার ঝড় ওঠে খেলা চলাকালীনই। অ্যারন ওয়েস্ট নামের এক ফুটবলভক্ত তার টুইটার পেজে লেখেন, ‘আমি মেসি হলে আর কখনোই লাউতারোকে পাস দিতাম না।’ তবু দলের অধিনায়ক মেসি ও কোচ স্কালোনি আছেন লাউতারোর পাশে। লাউতারোর সমালোচনা থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন তারা। ‘লাউতারো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। স্ট্রাইকার হিসেবে তিনি সবসময় গোলের জন্য চেষ্টা করেন। তবে তিনি গোল না পেলেও দলের জন্য অনেক অবদান রাখছেন’ বলেছেন মেসি। কোচ স্কালোনি বলেন, ‘লাউতারো দলের হয়ে গোল করতে পারেন। এর আগেও বহুবার তিনি দলকে রক্ষা করেছেন। এটা সত্য তিনি গোল পাচ্ছেন না। জুলিয়ান দলের হয়ে গোল করছেন। তবে তিনিও গোলে ফিরবেন।’