পেলেকে প্যালিয়েটিভ কেয়ারে নেওয়ার খবর অসত্য, দাবি মেয়ের

শারীরিক অবস্থার অনেক বেশি অবনতি হওয়ায় পেলেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তরের খবর প্রকাশ হয়েছিল। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তির মেয়ে ফ্লাভিয়া নাশ্চিমেন্টো এ খবরকে ‘অসত্য’ বলে দাবি করেছেন।

৮২ বছর বয়সী পেলে দীর্ঘদিন ধরেই অসুস্থ। ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ২০২১ সালের সেপ্টেম্বরে পেলের কোলন টিউমার অপসারণ করা হয়। এরপর থেকে কেমোথেরাপি চলছে তার।

গত মঙ্গলবার হৃদ্‌যন্ত্রের সমস্যা ও শরীর ফুলে যাওয়ায় সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করানো হয় পেলেকে। দুদিন আগে পেলে জীবন সংকটে বলে খবর বের হয়। ব্রাজিলের সংবাদপত্র ‘ফোলহা ডে সাও পাওলো’ জানায়, কেমোথেরাপি কাজ করছে না পেলের শরীরে। তাকে রাখা হয়েছে ‘প্যালিয়েটিভ কেয়ার’-এ। তবে পেলে কন্যা এ খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

গ্লোবে টিভিকে নাশ্চিমেন্টো বলেন, ‘এটা খুবই অন্যায় যে লোকে বলছে তিনি জীবন সংকটে আছেন, প্যালিয়েটিভ কেয়ারে আছেন। আমাদের বিশ্বাস করুন, এমনটা না।’

রবিবার পেলে নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছিলেন। নিজে শক্ত আছেন বলে জানান তিনবারের বিশ্বকাপজয়ী তারকা, ‘প্রিয় বন্ধুরা, প্রত্যেককে বলব আপনারা শান্ত এবং ইতিবাচক থাকুন। আমি শক্ত আছে। চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ মতোই আছি।’