প্রায় ২০০ মিলিয়নে সৌদির ক্লাবে যাচ্ছেন রোনালদো!

ক্রিশ্চিয়ানো রোনালদো জানুয়ারি থেকে খেলবেন সৌদি আরবের ক্লাব আল-নাসরে! আড়াই বছরের চুক্তিতে প্রতি মৌসুমে সৌদির ক্লাবটি রোনালদোকে দেবে প্রায় ২০০ মিলিয়ন ইউরো। এমন খবরই দিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা।

বিশ্বকাপ শুরুর আগেই ক্লাবহীন হয়ে পড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফলে আসছে জানুয়ারির দল-বদলে রোনালদো খেলবেন নতুন কোন ক্লাবে। সিআরসেভেন কোথায় যাচ্ছেন তা নিয়ে জল্পনা-কল্পনা। অনেকের ধারণা ইউরোপীয়ান কোন ক্লাবেই থাকবেন তিনি। যেন চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেন। তবে মার্কা যে খবর দিয়েছে এমনটি হলে, চ্যাম্পিয়নস লিগ না খেলতে পারলেও বেতনে রেকর্ড গড়বেন ৩৭ বছরের রোনালদো। পিএসজি থেকে লিওনেল মেসি প্রতি মৌসুমে পান ৭৫ মিলিয়ন ইউরো, নেইমার ৭০ মিলিয়ন।

রিপোর্টে আরও বলা হয়েছে, প্রথমে চুক্তি হবে ১০০ মিলিয়ন উইরোতে। পরে অন্যান্য সুযোগ-সুবিধা, বিজ্ঞাপণ, স্পন্সরশিপ সহ মোট অর্থের পরিমাণ দাড়াবে প্রায় ২০০ মিলিয়ান ইউরোতে। এর আগেও সৌদির ক্লাবের পক্ষ থেকে বড় অর্থের প্রস্তাব পেয়েছিলেন রোনালদো। তাতে সায় না দিয়ে ফিরেছিলেন ম্যানইউতে।

আল নাসর সৌদি আরবের সেরা দলগুলোর একটি। নয়বার জিতেছে লিগ শিরোপা। সবশেষ ২০১৯ সালে। ২০২০ ও ২০২১ এ লিগ না জিতলেও সৌদি সুপার কাপ জিতেছে। ক্যামেরুনের ভিনসেন্ট আবু বকর খেলেন সৌদির এ ক্লাবটিতেই।