সাতক্ষীরায় গ্রীন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল জব্বার সরদার (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।
সোমবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের পলাশপোল এলাকার ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটিআটক করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান।
নিহত আব্দুল জব্বার সরদার সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের শিমুলবাড়িয়া গ্রামের হাশেম আলী সরদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুল জব্বার ভ্যান চালিয়ে শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে নারিকেলতলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সামনে পৌঁছলে ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের একটি বাস পিছন দিক থেকে তার ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান ভ্যানচালক আব্দুল জব্বার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খান জানান, ঘাতক পরিবহনটি আটক করা সম্ভব হলেও চালক ও সুপারভাইজার পালিয়ে যেতে সক্ষম হয়। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।