প্রথমে অস্ট্রেলিয়া বধ হলো। আজ বিদায় হলো এশিয়ার আশা জাপান। শুরু থেকে দুর্দান্ত খেলেও পারলো না টাইব্রেকারে। সূর্যোদয়ের দেশটিকে ৩-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ক্রোয়েশিয়া। গ্রুপ পর্বে দুই বিশ্ব চ্যাম্পিয়নকে হারানো জাপানিদের বিশ্ব জয়ের স্বপ্নের অস্ত গেল শেষ ষোলোতেই।
অথচ ম্যাচের ৪৩ মিনিটেই এগিয়ে গিয়েছিল জাপান। দ্বিতীয়ার্ধেই সেই গোল পরিশোধ করে দেয় ক্রোয়েশিয়া। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তাই সমানে সমান স্কোরলাইন হওয়াতে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে জাপানকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ক্রোয়েশিয়া।
আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় মিনিটেই বড় সুযোগ পেয়েছিল জাপান। ওয়াতারু এনদোর ক্রসে ছয় গজ বক্সের মুখে ডিফেন্ডার শোগো তানিগুচির হেড অল্পের জন্য জালে জড়ায়নি। ত্রয়োদশ মিনিটে ডি বক্সে জুনিয়া ইতোর বাড়ানো বলে ছুটে গিয়ে পা ছোঁয়াতে পারেননি ফরোয়ার্ড দাইজেন মায়েদা। ৪০ তম মিনিটে দাইচি কামাদার শট গোলপোস্টের ওপর দিয়ে যায়। ৪৩ তম মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় জাপান। ডান দিক থেকে বক্সে প্রতিপক্ষের ক্রস ক্লিয়ার করতে পারেনি ক্রোয়েট ডিফেন্ডাররা। গোলপোস্টের কাছ থেকে নিখুঁত শটে জাপানকে এগিয়ে দেন মায়েদা।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই ম্যাচে ফিরে সমতা। ৫৫ মিনিটে দেইয়ান লভরেনের ক্রসে ডি-বক্সে চমৎকার হেডে গোলটি করেন পেরিসিচ। এই নিয়ে বিশ্বকাপে ৬টি গোল হয়ে গেল ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের। নির্ধারিত সময়েও ম্যাচের ফলাফল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে পারেনি। ম্যাচ অবধারিতভাবে গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। সেই পর্বে জাপানকে ৩-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে ফেলে ক্রোয়েশিয়া।