মেসি এখন আগের মতো নেই!

এই বিশ্বকাপে দারুণ ছুটছেন লিওনেল মেসি। চার ম্যাচে করেছেন তিন গোল। এ ছাড়া অ্যাসিস্টও আছে। সব মিলিয়ে নিজের শেষ বিশ্বকাপে ট্রফি জয়ের সেরা চেষ্টাটা আসছে মেসির থেকে। অথচ তার সাবেক প্রতিপক্ষ নেদারল্যান্ডসের ফন ডার ফার্ট বলছেন সেরা মেসিকে দেখছেন না। এদিকে সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার ও মেসির বন্ধু সার্জিও আগুয়েরো বলছেন মেসিদের সতর্ক থাকতে। নেদারল্যান্ডস ডিফেন্ডার ফন ডাইককে ভয় তার।

ডাচদের হয়ে ২০০৬ বিশ্বকাপে খেলেছেন ফন ডার ফার্ট। এরপর ২০০৮-০৯ ও ২০০৯-১০ মৌসুমে রিয়াল মাদ্রিদে বার্সেলোনার মেসির বিপক্ষে খেলেছেন। ওই সময় পেপ গার্দিওলার অধীনে এক অপ্রতিরোধ্য দল ছিল বার্সেলোনা। তখন মেসিও ছিলেন অপ্রতিরোধ্য। সেই মেসিকে স্মরণ করে ফন ডার ফার্ট ঘাম ঝরছে এখনো। কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে উত্তরসূরিকে জাগিয়ে ফন ডার ফার্ট বললেন, ‘এই মেসি? আমি ‘দি’ মেসির বিপক্ষে খেলেছি। বিশ্বাস করুন, আমি ওই সময় ওকে থামানোর জন্য হয়ত আমার মাকে চিৎকার করে ডাকতাম (রূপক অর্থে)। ওই সময় মেসি এতটাই ক্ষুরধার ছিল যে আমি ওকে আটকাতেই পারতাম না। তবে এখন মেসির সেই রকম গতিময় নেই। ওকে এখন থামানো সম্ভব।’

এদিকে মেসিদের সতর্কবার্তা দিচ্ছেন আগুয়েরো। সাবেক ম্যানসিটি তারকা আগে থেকেই নেদারল্যান্ডসের ফন ডাইককে চেনেন। লিভারপুল ডিফেন্ডারের সঙ্গে ক্লাব পর্যায়ে অনেক খেলেছেন। খুব ভালো করেই চিনেন ফন ডাইককে। সেই পরিচিতি থেকেই মেসিকে পরামর্শ দিয়ে জানান, ‘সে (ডাইক) কিন্তু খুব গতিসম্পন্ন নয়। কিন্তু ওর লম্বা পা আছে। আমার ১০ দৌড় ওর দুটোর সমান। ওকে মাঠে অন্যমনস্ক করতে হয়। এজন্য মেসিকে ভিন্ন কিছু করা লাগবে। হতে পারে গ্যালারি থেকে কেউ ওকে ডাকল। আমি যদি ওখানে থাকতাম তাহলে ডাইককে অন্যমনস্ক করে দিতাম। ডাইক সবসময় ভুলের অপেক্ষা করবে। সে ডি বক্সে কখনই আপনাকে ধাক্কা দেবে না। আপনাকে পড়তে চেষ্টা করবে, এরপর সে তার কাজটা করবে।’