বাংলাদেশে স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছাসেবায় বরাবর নিবেদিতপ্রাণ। জাতীয় পর্যায়ে যেকোনো দুর্যোগ মোকাবিলায় আরও সম্পৃক্ত হয়ে স্বেচ্ছাসেবায় বাংলাদেশকে রোল মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
গতকাল সোমবার রাজধানীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে ‘আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২২’ উপলক্ষে ‘স্বেচ্ছাসেবী কর্মের মাধ্যমে উন্নয়নের জন্য সংহতি জোরদার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ইউএন ভলান্টিয়ার বাংলাদেশ, ইউএনএফপিএ, ওয়াটার এইড এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম, ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ ভ্যান গুয়েন। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কইকার কান্ট্রি ডিরেক্টর দোহ ইওং আ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন প্রমুখ।