খেলা দেখে ঘুমিয়ে পড়া রুবেল শর্টসার্কিটের আগুনে পুড়ে অঙ্গার

বিশ্বকাপ খেলা দেখে ঘুমিয়ে যাওয়ার পর বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর ৬টার দিকে হবিগঞ্জ শহরে ২ নম্বর পুল এলাকায়। নিহত রুবেল আহমেদ (২৫) হবিগঞ্জ ট্রাফিক অফিসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। নিহত রুবেল সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট যশপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা জানান, হবিগঞ্জ ট্রাক মালিক সমিতির সভাপতি সিরাজ উদ্দিন খানের একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে পাঁচজন পুলিশ সদস্য থাকতেন। সোমবার একজন ছুটিতে বাড়ি চলে যান। রাতে বিশ্বকাপের খেলা দেখে চার পুলিশ সদস্য ঘুমিয়ে পড়েন। ভোররাতে তাদের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আশপাশের কয়েকজনের সাথে আলাপ করে জানা যায়, ওই বাসার দুই কক্ষের একটিতে রুবেল থাকতেন। পাশের কক্ষে থাকা পুলিশ সদস্যরা ভোরে রুবেলের কক্ষে আগুন দেখে হতভম্ব হয়ে পড়েন। তারা ঘর থেকে বের হয়ে কান্নকাটি শুরু করেন। রুবেলের কক্ষের ছিটকিনি লাগানো থাকায় তাৎক্ষণিক তারা ওই কক্ষে প্রবেশ করতে পারেননি। এ সময় আশপাশের লোকজন ছুটে এলে তারা জানান, পাশের কক্ষে রুবেল রয়েছেন।

আগুনের খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভায় ও রুবেলের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেন। নিহতের কানে মোবাইলের ইয়ার-ফোন সংযুক্ত ছিল। ধারণা করা হচ্ছে, রাতে তিনি বিশ্বকাপ খেলা দেখে মোবাইলে চার্জিং থাকা অবস্থায় ঘুমিয়ে পড়েন। নিহত রুবেল এক বছর বয়সী সন্তানের পিতা। নিহতের লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সদস্য অতীন্দ্র কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আহতবস্থায় তিনজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।