কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই চোটে পড়েন নেইমার। সার্বিয়ার বিপক্ষে সেই ম্যাচের পর আর মাঠে ফিরতে পারবেন কি-না, সেই ভয় পেয়ে বসেছিল এই ফরোয়ার্ডকে। এমনকি বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার শঙ্কায় সারারাত কেঁদেছেনও তিনি।
চোটের কারণে গ্রুপ পর্বে সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে আর খেলা হয়নি নেইমারের। তবে সোমবার রাতে শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামেন। দলের ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে দ্বিতীয় গোলটি ছিল তার। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। পরে হয়েছেন ম্যাচ সেরারও।
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন নেইমার। এ সময় চোটের কারণে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন, তুলে ধরেন সেই কথা।
নেইমার বলেন, ‘ভয়ে ছিলাম (বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার)। খুব ভালো খেলছিলাম আমি, ভালো একটি মৌসুম চলছে। এর মধ্যে এরকম অ্যাঙ্কেলের চোট মেনে নেওয়া খুব কঠিন। ওই রাত আমি কেঁদে কেঁদেই কাটিয়েছি, আমার পরিবার জানে।’
তবে কঠিন সময় পেরিয়ে ফের মাঠে নামতে পারে আনন্দিত নেইমার। এখন দলকে এগিয়ে নিতে চান সামনে।