ঘুষ নিতে গিয়ে বনবিভাগের ৩ কর্মচারী আটক

কাঠ বোঝাই ট্রাক থেকে ঘুষ নেয়ার সময় বনবিভাগের দুই প্রহরী ও এক শ্রমিককে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টাঙ্গাইল অফিসের এনফোর্সমেন্ট টিম।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে তাদের আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে দুদক উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলা বন কর্মকর্তার বিরুদ্ধে কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে চেকপোস্ট পার হওয়া বাবদ ঘুষ দাবির অভিযোগ পাওয়া যায়। তার ভিত্তিতে দুদক টাঙ্গাইল অফিসের একটি টিম অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনার সময় ছদ্মবেশে থাকা দুদক এনফোর্সমেন্ট টিম টাঙ্গাইল বনবিভাগের ২ জন প্রহরী ও ১ শ্রমিককে কাঠ বোঝাই ট্রাক থেকে ২ হাজার ৬০০ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করে। পরবর্তীতে তাদের বিভাগীয় বন কর্মকর্তার জিম্মায় দিয়ে আইনি ব্যবস্থার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগকারী, কাঠ ব্যবসায়ী ও ট্রাক চালকদের উপস্থিত বক্তব্য নেয়। যার ভিত্তিতে দুদক টিম জানতে পারে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কাঠ বোঝাই ট্রাক নিয়ে ঢাকা অভিমুখে নিয়মিত চলাচলকালে বনবিভাগ থেকে টিপি বা ট্রানজিট পাস নিতে ২ হাজার থেকে ৫ হাজার টাকা ঘুষ লেনদেন হয়।

আবার সেই টিপি বা ট্রানজিট পাস নিয়ে টাঙ্গাইলের করটিয়া চেকপোস্টে দেখালে কাঠের ট্রাক পরীক্ষান্তে ছাড়পত্র প্রদান করা হয়। যার জন্য কাঠের মান ভেদে ১৭০০ থেকে ৩২০০ টাকা পর্যন্ত ঘুষ না দিলে ছাড়পত্র দেওয়া হয় না।

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের এনফোর্সমেন্ট টিম কমিশনে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলেও জানা যায়।

টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান জানান, অভিযুক্ত ২ বন প্রহরীকে ইতোমধ্যেই বরখাস্ত করা হয়েছে। এ ছাড়াও জড়িত অন্যান্য কর্মকর্তাদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।