বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় বেসরকারি ক্লিনিক সাইক জেনারেল হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট (রোগ নির্ণয়ের মেডিসিন) পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় তাকে সহযোগিতা করেন জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ রাসেল।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুত্রে জানা যায়, দুপুর ২টার দিকে সদরের ঠনঠনিয়া এলাকায় সাইক জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করে রোগীদের সেবা দেওয়ার প্রমাণ পাওয়া যায়। ফলে বেসরকারি ওই প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের বিষয়ে ইফতেখারুল আলম রিজভী বলেছেন, রিএজেন্ট ব্যবহার করে জটিল রোগ নিরীক্ষা করা হয়। তবে সাইক হাসপাতালের ফ্রিজিং করা মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যায়। যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি যেনো এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হয় সেজন্য এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাদের সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।