এস আলমের সম্পদের হিসেব চাওয়া সংবাদটি ভিত্তিহীন: চট্টগ্রামের ডিসি

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ এস আলমের সম্পদের হিসেব নেওয়ার খবরটি ভিত্তিহীন এবং গুজব বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান। একই সঙ্গে এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান। 

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি এ কথা বলেন। 

একটি সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক সকল সহকারী কমিশনারদের (ভূমি) এস আলমের সম্পদের হিসেব নিতে এবং যেসব ব্যাংক ঋণ নিয়েছেন তা যাচাই করার নির্দেশনা দিয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে। 

এ বিষয়ে আজ বিকেলে দেশ রূপান্তরের এই প্রতিবেদক জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, সরকারি কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা মৌখিক হওয়ার সুযোগ নেই। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর কিংবা ভূমি মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। এটা স্রেফ একটি গুজব এবং দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য এ ধরনের নিউজ করা হয়েছে।

কিন্তু আপনি (জেলা প্রশাসক) নির্দেশনা দিয়েছেন বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে এমন বক্তব্যের জবাবে জেলা প্রশাসক মমিনুল ইসলাম বলেন, আমি নিজেই তো নির্দেশনা পাইনি, তাহলে সহকারী কমিশনার ও তহসিলদারদের কীভাবে নির্দেশনা দেব? শুধু এস আলম নয়, দেশের কোনো শিল্পগ্রুপ সম্পর্কেও এমন নির্দেশনা আসেনি।
 
উল্লেখ্য, আজ দিনভর আলোচনার বিষয় ছিল এস আলমের সম্পদের হিসেব চাওয়া এবং ব্যাংক ঋণ কোথায় নিয়েছে এবং কি করেছে তা জানতে সরকারের পক্ষ থেকে নির্দেশনার বিষয়টি।