প্রকল্পের শ্রমিক দিয়ে বাড়ির ইট টানালেন ইউপি সদস্য

সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে নিজের বাড়ির টয়লেট বানানোর ইট টানানোর অভিযোগ উঠেছে কৈজুরি ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে। এমন একটি ভিডিও গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি এলাকায় ব্যাপক সমালোচিত হয়।

জানা যায়, উপজেলার কৈজুরি ইউনিয়নের পাথালিয়াপাড়া বুদ্ধ মোল্লার বাড়ি হতে আলাউদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণকাজের জন্য কর্মসৃজন কর্মসূচির আওতায় ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। কিন্তু রাস্তা নির্মাণের কাজ বাদ দিয়ে কৈজুরি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নজির তার বাড়ির টয়লেট বানানোর জন্য আনা ইট কৈজুরি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে বাড়িতে নিয়ে যাওয়ার কাজ করান প্রকল্পের শ্রমিকদের দিয়ে।

জানতে চাইলে কয়েক শ্রমিক বলেন, ‘মেম্বার সাহেব আমাদের তার বাড়িতে ইট পৌঁছে দিতে বলেছেন। তাই আমরা তার নির্দেশে ইট বাড়িতে পৌঁছে দিয়েছি।’

ইউপি সদস্য মো. নজির বিষয়টি স্বীকার করে বলেন, ‘কর্মসূচি প্রকল্পের লেবার যখন বসেছিল তখন তাদের দিয়ে অল্প কিছু ইট বাড়িতে আনা হয়েছে।’

শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘যদি এমন কাজের প্রমাণ হয়, তবে ওইদিনের লেবার বিল ইউপি সদস্য নজির সাহেবকে বহন করতে হবে। প্রকল্পের বরাদ্দ থেকে লেবার বিল দিতে মৌখিকভাবে তাকে নিষেধ করা হয়েছে।’

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।