মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৯ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় বালুয়াকান্দি থেকে মুদারকান্দি গ্রাম পর্যন্ত ৬ কিলোমিটার এবং বালুয়াকান্দি থেকে আতিকনগর পর্যন্ত আরেকটি ৩ কিলোমিটার গ্যাস পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়। এদিকে, অভিযান শেষে আইন অমান্য করে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় একটি খাবার হোটেল ও আরেক গ্রাহককে ১০ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তিতাস গ্যাস নারায়ণগঞ্জের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ওই দুটি পাইপলাইনের মাধ্যমে উপজেলার আতিক নগর, বালুয়াকান্দি, শান্তিনগর, কাজীরগাঁও, বড় রায়পাড়া, ছোট রায়পাড়া, আড়ালিয়া, মুদারকান্দি গ্রামে প্রায় ৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ নেওয়া হয়েছিল।