কাতারে শুরুটা হয়েছিল ক্রোয়েশিয়াকে রুখে দিয়ে। পরের ম্যাচেই বেলজিয়ামকে হারিয়ে নিজেদের অস্তিত্বের জানান দেয় মরক্কো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কানাডাকেও হারিয়ে দেয় আফ্রিকান দলটি। তবে সবচেয়ে বড় জয়, গত রানে শেষ ষোলোয় স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা।
দুর্দান্ত এই জয় হাকিমিরা উদযাপন করলো ফিলিস্তিনের পতাকা হাতে। সেখানে মুসলমানদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদ জানাতে এর আগেও কানাডার বিপক্ষে ম্যাচে জয় উদযাপন করে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে। এবার এই ঐতিহাসিক জয়ও একইভাবে উদযাপন করে বিশ্বের সামনে ইসরায়েলের আগ্রাসনের বিষয়টি সামনে এনেছে আফ্রিকান দেশটি।
‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’-এ মরক্কোর এবারের যাত্রা আরও দীর্ঘ হলো। আজ শেষ ষোলোতে এডুকেশন সিটি স্টেডিয়ামে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে স্পেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে দলটি। গড়ে ইতিহাস; প্রথমবারের মতো বিশ্বকাপের এই পর্বে খেলতে যাচ্ছে আশ্রাফ হাকিমি-হাকিম জিয়েখরা।