মার্কিন সংসদের উচ্চকক্ষ সিনেটের জর্জিয়া অঙ্গরাজ্য আসনের রান-অফ নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির রাফায়েল ওয়ারনক। এই জয়ের ফলে মার্কিন সিনেটের ১০০ আসনের মধ্যে ৫১টি আসন পেল ডেমোক্র্যাটরা। এর মধ্যদিয়ে সিনেটে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ জোরদার হল। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি ৪৯টি আসন নিয়ে কিছুটা পিছিয়ে পড়ল।
ডেমোক্র্যাট প্রার্থী ব্যাপটিস্ট যাজক রাফায়েল ওয়ারনকের সঙ্গে রিপাবলিকান প্রার্থী সাবেক আমেরিকান ফুটবল তারকা হার্শেল ওয়াকারের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই আসনে। প্রেসিডেন্ট জো বাইডেন ওয়ারনককে ফোন দিয়ে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
এই ফল জর্জিয়াকে একটি ব্যাটেলগ্রাউন্ড অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করেছে যেটি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিশ্চিতভাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রিপাবলিকানদের সাবেক এই শক্তঘাঁটিতে গত দুই বছরে ডেমোক্র্যাটরা সেনেটের তিনটি নির্বাচনে জয় পেল।
রিপাবলিকান প্রার্থী ওয়াকারের এই পরাজয় ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফের রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বিপর্যয়। সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনে ওয়াকারের পাশাপাশি আরও বহু হাই প্রোফাইল রিপাবলিকান প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছিলেন, কিন্তু সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতে তার সমর্থিত প্রার্থীরা মিশ্র ফল করেছেন।
চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সংসদের উচ্চকক্ষ সিনেটের ৩৫ আসনে ভোটাভুটি হয়েছিল। যার মধ্যে ৩৪টি আসনের ফলাফল পাওয়া গেলেও জর্জিয়া অঙ্গরাজ্যের কোনো প্রতিদ্বন্দ্বী এককভাগে ৫০ ভাগ তার বেশি ভোট পাননি। এ কারণে এখানে রান-অফ নির্বাচন আয়োজন করতে হয় নির্বাচন কমিশনকে।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ হাতছাড়া হলেও সেনেটের নিয়ন্ত্রণ হাতে আসায় ডেমোক্র্যাটরা এখন উদারপন্থি বিচারকদের বিচার বিভাগের আজীবনের আসনগুলোতে নিয়োগ দিতে পারবে। পাশাপাশি বাইডেনের মনোনীতদের প্রশাসনিক পদগুলোতে বসানোও কিছুটা সহজ হবে।
কিন্তু মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ রিপাবলিকানদের হাতে যাওয়ায় বহু ক্ষেত্রে ডেমোক্র্যাটরা তাদের এজেন্ডা বাস্তবায়নে কঠিন বাধার মুখে পড়বে।