বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি? অতীত পরিসংখ্যান যা বলছে

কাতার বিশ্বকাপে তাহলে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি লড়াই হতে যাচ্ছে? এখনও বড় একটা ধাপ বাকি। দুই দলকেই পেরোতে হবে কোয়ার্টার ফাইনালের বাধা। আর সেটা হলে সেমিফাইনালের মঞ্চে মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। দর্শকেরা যে ম্যাচের জন্য অধীর আগ্রহে বসে আছে।

বিশ্বকাপের প্রথম দুই কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুক্রবার। বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। রাত ১টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলবে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। এই দুই ম্যাচে জয়ী দল মুখোমুখি হবে শেষ চারে।

বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল-আর্জেন্টিনা সবশেষ মুখোমুখি হয়েছে ৩২ বছর আগে, ১৯৯০ আসরে। এর আগে অবশ্য ১৯৭৪ থেকে ১৯৮২, টানা তিন আসরে মুখোমুখি হয়েছিল এই দুই দল।

সব মিলিয়ে বিশ্বকাপে এই দুই দলের চারবারের মুখোমুখি দেখায় ব্রাজিলের জয় দুটি। আর্জেন্টিনার একটি। অন্য ম্যাচটি ড্র হয়।

বিশ্বকাপে প্রথমবার এই দুই দল মুখোমুখি হয় ১৯৭৪ সালে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি ব্রাজিল ২-১ গোলে জিতেছিল। ১৯৭৮ সালে অনুষ্ঠিত পরের আসরেও দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয় তারা। সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

১৯৮২ সালে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৩-১ গোলে জিতে ব্রাজিল। ১৯৯০ সালে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা জেতে ১-০ ব্যবধানে।

আরও পড়ুন

৩২ বছর পর বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই?