জয়ার বলিউড যাত্রা শুরু

সপ্তাহখানেক আগেই দেশ রূপান্তরের পাঠকরা জেনেছেন, কয়েকবার গুঞ্জনের পর এবার সত্যিই বলিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের নন্দিত অভিনেত্রী জয়া আহসান। সহশিল্পী হিসেবে পাচ্ছেন এ সময়ের দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে। আরও থাকছেন সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’র নায়িকা সানজানা সাঙ্ঘি। ছবিটি নিয়ে জয়া কিছু না জানালেও এবার তাকে পাওয়া গেল পঙ্কজ ত্রিপাঠিদের সঙ্গে একফ্রেমে। শোনা গেছে, ছবিটির নাম ‘করক সিং’। গত ৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে তাদের নতুন সিনেমার কাজ। এর আগে সিনেমার টিম একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছে। সেই ছবির সূত্রেই পাওয়া গেল আরও একটি চমক। ছবিতে থাকছেন মালয়ালাম তারকা পার্বতী থিরুবথু। যিনি তুমুল জনপ্রিয় সিনেমা ‘চার্লি’তে অভিনয় করেছিলেন। ছবিটি নির্মাণ করবেন কলকাতার সাড়া জাগানো সিনেমা ‘অন্তহীন’, ‘বুনো হাঁস’ ও বলিউডের ‘পিঙ্ক’খ্যাত পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। নিঃসন্দেহে বলিউডে দারুণ অভিষেক হতে যাচ্ছে জয়ার। তিনি বলেছেন, ‘এটা আমার প্রথম হিন্দি ছবি এবং এখানে আমার চরিত্রটি গল্পের অবিচ্ছেদ্য অংশ। যখন আমার কাছে এই ছবির প্রস্তাব আসে, আমি রোমাঞ্চিত হয়েছি এবং তাৎক্ষণিক হ্যাঁ বলে দিয়েছি। কারণ অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালক, সঙ্গে পঙ্কজ ত্রিপাঠির মতো সহশিল্পী। আমি বরাবরই চেয়েছিলাম তাদের দুজনের সঙ্গে কাজ করতে এবং সেটা আমার প্রথম হিন্দি ছবিতেই হয়ে গেল! কাজটি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত।’