৪ মামলা কারাগারে ৪৩৫

নির্ধারিত দিনেই আগামীকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় গণসমাবেশ করতে চায় বিরোধী দল বিএনপি। তবে পুলিশ বলছে, সমাবেশের জন্য অনুমতি দেওয়া স্থান ছাড়া অন্য কোথাও করলে তা বেআইনি বলে গণ্য করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমন পরিস্থিতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি ও পুলিশ। এছাড়া নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে গত বুধবার পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে। পল্টন, মতিঝিল, শাহজাহানপুর ও রমনা থানায় হওয়া মামলাগুলোতে ঘটনার দিনই আটক বিএনপির কয়েকজন শীর্ষ নেতাসহ ৭১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর বাইরে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ২ হাজার ২৫০ জনকে। সব মামলার বাদীই পুলিশ।

এদিকে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের আগে রাজধানীর আশপাশের বিভিন্ন জেলায় পথে পথে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। এসব তল্লাশি চৌকি পার হওয়ার সময় রাজধানীমুখী বিভিন্ন যানবাহনের যাত্রীদের পড়তে হচ্ছে কড়া জিজ্ঞাসাবাদের মুখে। এছাড়া যানবাহন চলাচল কম থাকায় তাদের ভোগান্তিতেও পড়তে হয়েছে। এছাড়া গত কয়েক দিনের ধারাবাহিকতায় গত বুধবার রাতে এবং গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন জায়গায় বিএনপি নেতাদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় দলটির ৩০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নারায়ণগঞ্জে এক নেতার বাসায় অভিযান চালিয়ে তাকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়।

বুধবারের সংঘর্ষের পর গতকাল বিকেল ৪টা পর্যন্ত নয়াপল্টন এলাকায় রাস্তার দুই পাশেই চলাচল বন্ধ করে রেখেছিল পুলিশ। ডিএমপি মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) গোলাম রুহানী বলেন, ‘জনগণের দুর্ভোগের কথা ভেবে সড়ক আমরা খুলে দিয়েছি। তবে পার্টি অফিস বন্ধ রয়েছে। আমাদের পুলিশ টহল অব্যাহত রয়েছে।’

  সংঘর্ষের ঘটনায় ৪ মামলা : বুধবারের সংঘর্ষের ঘটনায় পল্টন, মতিঝিল, শাহজাহানপুর ও রমনা থানায় আলাদা ৪টি মামলা হয়েছে। এসব মামলায় ওইদিনই আটক ৭১৪ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ২ হাজার ২৫০ জনকে। সব মামলার বাদীই পুলিশ। ডিএমপি মুখপাত্র উপকমিশনার মো. ফারুক হোসেন গতকাল এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন। জানা গেছে, পল্টন থানায় বিএনপি নেতা রুহুল কবীর রিজভী, আমান উল্লাহ আমান, আব্দুস ছালাম, শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি, ফজলুল হক মিলন, খাইরুল কবীর খোকন, শামসুর রহমান ও শিমুল বিশ্বাসসহ ৪৭০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০০-২০০০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। এছাড়াও গতকাল মতিঝিল থানায় বিস্ফোরক আইনে ২৮ জনের নাম উল্লেখ করে, রমনা থানায় ১৬৪ জনের নাম উল্লেখ করে এবং শাহজাহানপুর থানায় ৫২ জনের নাম উল্লেখ ও ২০০-২৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা হয়।

আমান ও জুয়েলের জামিন, রিজভী কারাগারে : বুধবার সংঘর্ষের দিন গ্রেপ্তার নেতাকর্মীদের গতকাল আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে বিএনপির কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান ও আব্দুল কাদের জুয়েলকে জামিন দেন। অন্যদিকে বিএনপির সহ-জলবায়ু সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, বিএনপি নেতা শাহজাহান, এ কে এম আমিনুল ইসলাম, ওয়াকিল আহমেদ, সজীব ভূঁইয়া, সারোয়ার হোসেন শেখ, সাইদুল ইকবাল মাহমুদ, মিজানুর রহমান, আল-আমিন, সাইফুল, শুভ ফরাজি ও মাহমুদ হাসান রনিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। আর কারাগারে পাঠানো হয় বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্মমহাসচিব খাইরুল কবীর খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ বাকি আসামিদের।

আর্জেন্টিনার জার্সি গায়ে গুলি ছোড়া ব্যক্তির পরিচয় মিলেছে : বুধবার সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে এক যুবকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই যুবকের ছবি ফেইসবুকে শেয়ার করে অনেকেই তাকে ছাত্রলীগের নেতা বলে দাবি করেন। তার পরিচয় শনাক্ত করেছে পুলিশ। গতকাল বিকালে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ওই যুবকের নাম মাহিদুর রহমান, তিনি আনসার সদস্য। তিনি পল্টন থানার অন্তর্ভুক্ত হয়ে দায়িত্ব পালন করছিলেন।’

বাড়িতে বাড়িতে তল্লাশি, পথে পথে চেকপোস্ট : টাঙ্গাইলের মির্জাপুরে নাশকতা চেষ্টার অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঝিনাইদহ সদরসহ জেলার চার উপজেলায় নাশকতার আশঙ্কা ও মামলায় বিএনপির ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত সময়ে চালানো অভিযানে তাদের আটক করা হয়। নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মনিরুল ইসলাম রবির বাসায় বুধবার রাত ২টার দিকে অভিযান চালায় পুলিশ। এ সময় রবিকে বাসায় না পেয়ে তার ছেলে প্রীতমকে (২০) ধরে নিয়ে যায়।

রাজধানীর প্রবেশপথ আমিনবাজার ও আশুলিয়ায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ। গতকাল সকাল থেকেই এসব চেকপোস্টে যানবাহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এর ফলে অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া মানুষকে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, মোটরগাড়ি ও মাইক্রোবাসে বেশি তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া কোনো পথচারীর সঙ্গে বড় ব্যাগ থাকলে তার গতিরোধ করে তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশির কারণে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় ঢাকামুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

উত্তরাঞ্চল থেকে রাজধানীতে প্রবেশদ্বার গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এবং শ্রীপুরের জৈনা বাজার এলাকায় পুলিশ প্রতিটি গাড়ি ও যাত্রীকে তল্লাশি করছে। টঙ্গী ব্রিজের দক্ষিণ প্রান্ত এবং আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে চেকপোস্ট বসিয়ে প্রতিটি যানবাহনে তল্লাশি করা হচ্ছে।

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, ঢাকা-দোহার এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের তথ্য অনুযায়ী, অন্তত ৩০টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন সাধারণ যাত্রীরা। একসঙ্গে ৪-৫ জন দেখলেই পুলিশের প্রশ্নের মুখে পড়তে হয়েছে যাত্রীদের।

গতকাল সকাল থেকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা ভাষাশহীদ রফিক সেতুর পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টে নজরদারি বাড়ানো হয়। এছাড়া ধল্লা চেকপোস্ট এলাকায় সকাল থেকে অবস্থান নেয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা দেখা গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক, ফতুল্লার সাইনবোর্ড লিংক রোড এলাকায় এবং মঙ্গলবার রাত থেকে সোনারগাঁয়ের মেঘনাঘাট টোল প্লাজা এলাকায় একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধি ও সংবাদদাতারা