আর্জেন্টিনার স্বপ্নের পথে কাটা হতে পারেন যিনি

১৯৯৮’র কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ডেনিস বার্গক্যাম্পের জয়সূচক গোলটির কথা মনে আছে? ১-১ গোলে সমতায় শেষ হতে থাকা নির্ধারিত সময়ের একেবারে অন্তিম মুহূর্তে ফ্রাঙ্ক ডি বোরের ৭০ গজের পাস আর্জেন্টিনা ডি বক্সের ভেতর ধরে সঙ্গে লেগে থাকা রবার্তো আয়ালাকে কাটিয়ে ভলিতে জাল খুঁজে নেন ডাচ ফরোয়ার্ড।

কোডি গাকপোর জন্ম তারও দশ মাস পর। বার্গক্যাম্পের সেই গোল থেকে অনুপ্রেরণা নিতে পারেন নেদারল্যান্ডসের কোডি গাকপো। শুক্রবার কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গাকপো জ্বলে উঠলে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ফিকে হয়ে যেতে পারে।

গাকপোর ফুটবলের হাতেখড়ি পিএসভিতে। মাত্র ১০ বছর বয়সে। ২০১৮ থেকেই খেলছেন ক্লাবটির মূল দলে। নেদারল্যান্ডসের অনূর্ধ্ব-১৮, ১৯, ২০, ২১ পেরিয়ে জাতীয় দলে অভিষেক গত বছর। তবে বিশ্বকাপ গাকপোকে নতুন করে চিনিয়েছে।

কোচ লুই ফন গালের প্রিয় কোডি গাকপো। বিষয়টি জানিয়েছেন বর্তমানে এফসি উট্রেখটের সহকারী কোচ থোয়ান স্কিপার্স। গাকপোকে ছোটবেলা থেকেই চেনেন তিনি। তার অধীনে খেলেছেন পিএসভির বয়সভিত্তিক দলগুলোতে। ফন গাল তার আগের সহকারী হেঙ্কের মাধ্যমে জানেন কোডি গাকপোকে। সেখান থেকেই জাতীয় দলে।

ফন গালের অনেক আস্থা গাকপোর ওপর। ‘শুধু গোল ও অ্যাসিস্টের জন্য নয় আরও কারণ আছে। তিনি মনে করেন কোডি খেললে সেই ম্যাচ জয়ের পাল্লা নেদারল্যান্ডসের দিকে বেশি থাকে।’

গাকপোর জন্ম স্রাতুমে। বেড়ে ওঠাও সেখানেই। তার আরও দুই ভাই আছে। গাকপোর বাবা জনি এক সময় পেশাদার ফুটবল খেলেছেন টোগোর হয়ে। গাকপোর মা অ্যাঙ্ক ফন বোমেল ছিলেন নেদারল্যান্ডসের রাগবি খেলোয়াড়। ফলে পরিবারগত ভাবেই খেলার সঙ্গে সম্পর্ক গাকপোর।

স্কিপার্সের মতে, গাকপোর খেলোয়াড় হওয়ার পেছনে তার পরিবারের ভূমিকা আছে। কিশোর বয়সে দৈহিক গড়নের জন্য সর্বোচ্চ ২০ সেন্টিমিটার পর্যন্ত শট নিতে পারতেন বলে ধারণা ছিল স্কিপার্সের। সেই প্রতিকূলতা কাটিয়ে উঠেছে তিনি।

'অ্যাকডেমিতে থাকতে এমন সময় ছিল যখন লম্বা এবং পায়ের সাইজ নিয়ে কোডি সমস্যায় পড়েছিল। শরীর দ্রুত বেড়ে ওঠার সময় মস্তিস্ক করতে চায় একরকম, শরীর সায় দেয় ভিন্নভাবে। তবে কোডি এসব বাধা অতিক্রম করেছে। এখন তাকে দেখুন, কি দারুন'- বলছিলেন স্কিপার্স।

গাকপোর দক্ষতা আছে বেশ কয়েকটি পজিশনে খেলার। স্কিপার্স তাকে ১১, ৯, ১০ মাঝে মধ্যে ৭ নম্বরেও খেলিয়েছেন। অনেকের মতো বর্তমান পিএসভি কোচ রুড ফন নিস্তেলরয়ও তাকে ১১ নম্বর পজিশনে খেলাতে পছন্দ করেন। আবার লেফট উইংয়ে দারুণ খেলেন কোডি। তবে স্ট্রাইকার হিসেবে খেলে যদি গাকপো বিশ্ব চ্যাম্পিয়ন হয় তাতেও খুশি হবেন স্কিপার্স।