সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণে স্ত্রীর পর দগ্ধ স্বামীর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের আগুন থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধের ঘটনায় স্ত্রীর পর চিকিৎসাধীন অবস্থায মারা গেলেন স্বামী জসিম উদ্দিন (৪৩)।

শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি জানান, জসিম উদ্দিনের শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিলো। ২৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি রয়েছে তাদের মেয়ে জয়া হাসান (১৩)।

এরআগে, সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জসিমের স্ত্রী আফরোজা আক্তারের (৩৮)।

মৃত জসিম উদ্দিনের শ্যালক শাহীন প্রধান জানান, সিদ্ধিরগঞ্জ গোদনাইল উত্তরপাড়ায় একটি বাড়িতে জসীম উদ্দীন ও আফরোজা আক্তার দম্পতি, মেয়ে জয়া (১৩) ও ছেলে জুনায়েদকে (৭) নিয়ে থাকেন। সোমবার (৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রান্নার জন্য ওঠেন আফরোজা। রান্নাঘরে গিয়ে দিয়াশলাই জ্বালাতেই বিকট বিস্ফোরণ ঘটে। এতে আফরোজার শরীর এবং ঘুমিয়ে থাকা দুই সন্তান ও স্বামীর শরীরে আগুন ধরে যায়। চিৎকারে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।

তিনি জানান, ধারণা করা হচ্ছে রান্নাঘরে পাইপ লাইন থেকে গ্যাস লিকেজ হয়ে গ্যাস জমে ছিলো। সেখান থেকেই বিস্ফোরণ হয়েছে। আফরোজা আক্তার গৃহিণী। আর তার স্বামী বাসচালক। মেয়ে জয়া স্কুলে পড়ালেখা করে। ছেলে বাসায় থাকে। ৭ শতাংশ পুড়ে যাওয়া জুনায়েদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওইদিনই বাসায় নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।