উপমহাদেশে নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী গতকাল শুক্রবার বিভিন্ন অবদানে জেলা ও উপজেলায় নারীদের জয়িতা সম্মাননাসহ নানা অনুষ্ঠান পালন করা হয়েছে। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
নেত্রকোনা : সমাজ উন্নয়নে অসামান্য অবদান, নিজের অদম্য ইচ্ছাকে সম্বল আর চরম প্রতিকূলতাকে জয় এবং নারী উন্নয়ন ও ক্ষমতায়ন প্রভৃতি ক্ষেত্রে অবদানের জন্য নেত্রকোনায় পাঁচ নারীকে ‘জয়িতা’ পুরস্কার প্রদান করা হয়েছে। দুপুর ১২টার দিকে পৌর শহরের মোক্তারপাড়া পাবলিক হলে তাদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরফ আলী খান খসরু ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জয়িতারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সারা নওসিন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা আফরোজা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কামরুন নাহার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা শিল্পী ভট্টাচার্য্য ও সফল জননী নূরজাহান খানম।
বগুড়া : জয়িতা পুরস্কার পেয়েছেন শাজাহানপুরের মাসুমা আক্তার ও কানিজ ফাতেমা; সারিয়াকান্দির শাহিনুর বেগম; সদরের বাসিন্দা মরিয়ম বেগম এবং ইসরাত জাহান। দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এ পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বগুড়ার মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শহিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
মাগুরা : দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ ১০ জন জয়িতার হাতে সম্মাননা তুলে দেন। জেলা পর্যায়ে জয়িতারা হলেন কাজী জেনিস ফারজানা, সাবিনা সুলতানা, সালেহা খাতুন, জান্নাত আরা ও হাসি রানী বিশ্বাস এবং সদর উপজেলা পর্যায়ে কাজী জেনিস ফারজানা, কল্পনা সরকার, ফিরোজা ইয়াসমিন, জান্নাতারা ও হাসি রানী বিশ্বাস।
নীলফামারী : জেলা পর্যায়ে পাঁচজনসহ ছয় উপজেলার নির্বাচিত ৩৪ জন জয়িতার মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা পর্যায়ের জয়িতারা হলেন ছবি রানী দাস, রাজিয়া সুলতানা, আশরফি চৌধুরী, মেরিনা বেগম ও নাসিমা বেগম। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ এতে সভাপতিত্ব করেন।
মির্জাপুর (টাঙ্গাইল) : উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান। জয়িতা সম্মাননাপ্রাপ্তরা হলেন শাহানাজ পারভীন হেলেন, উর্মিলা পাল, লতা বেগম, হালিমা বেগম ও পারুল আক্তার।
বড়াইগ্রাম (নাটোর) : জয়িতা সম্মাননাপ্রাপ্তরা হলেন শেফালী খাতুন, নীলা চৌধুরী, নুরজাহান বেগম, রওশনারা খাতুন ও বিউটি বেগম। উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, জাতীয় মহিলা সংস্থার সভাপতি নাজমা খাতুন ও মহিলাবিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন এতে বক্তব্য দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বাগাতিপাড়া (নাটোর) : সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জয়িতাদের হাতে সম্মাননা তুলে দেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, সহসভাপতি দীপক কুমার কুন্ডু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা খাতুন শাপলা, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার, মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজ।
চন্দনাইশ (চট্টগ্রাম) : সফল জননী হিসেবে দেশ রূপান্তরের চন্দনাইশ প্রতিনিধি নুরুল আলমের মা নুরজাহান বেগমসহ সম্মাননাপ্রাপ্তরা হলেন সুমাইয়া আফরোজা রিচি, মুক্তা আক্তার, মালেকা মান্নান ও নাছরিন জাহান। চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।