বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে টুটুল হাওলাদার (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) গভীর রাতে মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের সমাদ্দারপাড়ায় এই ঘটনা ঘটে।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট রাজিয়া নাসের আড়াইশ শয্যার হাসপাতালে পাঠিয়েছে। তবে পুলিশ হত্যার ঘটনায় জড়িতকে এখনও গ্রেপ্তার করতে পারেনি।
নিহত টুটুল হাওলাদার গুলিশাখালী গ্রামের সমাদ্দারপাড়ার আব্দুল বারেক হাওলাদারের ছেলে।
স্থানীয়দের বরাতে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেলের সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, শুক্রবার রাত ১১টার দিকে গুলিশাখালী গ্রামের সমাদ্দারপাড়ায় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আয়োজন করে স্থানীয়রা। সেখানে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যে খেলা চলার সময় হঠাৎ করে টুটুল নামে এক কিশোরের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে রুবেল নামে এক যুবক। ছুরিকাঘাত করে রুবেল পালিয়ে যায়।
ওইখানে থাকা অন্যরা টুটুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, নিহত টুটুলের সঙ্গে প্রতিবেশী রুবেলের পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।