জয়পুরহাটের আক্কলপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে নাইচ হাসান (৩০) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। আজ রবিবার বেলা ১২টার দিক উপজেলা পরিষদ চত্বরের নিকট প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে। তিনি উপজেলার গোপীনাথপুর ইউনিয়নর মহিতর গ্রামের আক্কাস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আক্কলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক জানান, সেনা সদস্য নাইচ হাসন তার শিশু পূত্রের আকিকা অনুষ্ঠানের উদ্দেশ্যে ছুটিতে বাড়ি আসেন। রবিবার অনুষ্ঠানের বাজার করতে আক্কলপুর বাজার এসেছিলেন। মোটরসাইকেল যোগে আক্কলপুর থেকে বাড়ি ফেরার পথে উপজেলা পরিষদ চত্বরের নিকট সিঙ্গার শো-রুমের সামনে বগুড়া থেকে ছেড়ে আসা হাবিব পরিবহনের একটি বাস (ঢাকা মট্রা-ব-১১-২৫৮৭) তাকে ধাক্কা দেয়।
এ সময় পড়ে গিয়ে তার মাথা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে থানা-পুলিশে খবর দিলে পুলিশ চালক ও বাসটিকে থানা হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।