রাজনৈতিক অস্থিরতার মধ্যেই লাতিন দেশ পেরুতে গত শনিবার শপথ নিয়েছেন নতুন প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে। তিনি পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট। দায়িত্ব নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন দিনা। মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন ১৭ রাজনীতিবিদ। এদিকে বিক্ষোভ অব্যাহত রেখেছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর সমর্থকরা। নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার হয়েছে দেশজুড়ে। গত শনিবারও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। রাজধানীসহ মিছিল হয় বিভিন্ন শহরে। পুলিশের বাধার জেরে সংঘর্ষও হয় অনেক স্থানে।
গেল বুধবার কংগ্রেসে অভিশংসনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয় বামপন্থি পেদ্রো কাস্তিলোকে। এরপর বিদ্রোহের দায়ে তাকে আটকও করা হয়। পদচ্যুত পেদ্রো মেক্সিকোতে আশ্রয় চেয়েছিলেন বলে খবর প্রকাশ হয়েছিল।