চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ ৮ সদস্যের

নড়াইল সদরের বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ইউনিয়নের আটজন সদস্য।

গতকাল রবিবার দুপুরে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফখরুল হাসানের কাছে তারা অভিযোগপত্র জমা দেন। এছাড়া সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তর বরাবরও অভিযোগপত্রটি পাঠানো হয়েছে।

অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন বিছালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পান্না বিশ্বাস, ২নং ওয়ার্ডের সদস্য খন্দকার মঈন উ্্দ্িদন, ৪নং ওয়ার্ডের সদস্য গাজী হাফিজুর রহমান, ৫নং ওয়ার্ডের সদস্য আলী ইমাম সরদার, ৬নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম, ৯নং ওয়ার্ডের সদস্য সাধন কুমার বিশ্বাস, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য হোসনে আরা বেগম ও রাজিয়া বেগম।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১২নং বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুক গত এক বছর ধরে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। ইউনিয়নে বরাদ্দকৃত এলজিএসপি, এডিবি, টিআর, কাবিটা, টিসিবি, ভিজিডি, বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ উন্নয়নমূলক কর্মকান্ডে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন টাকা। যার মাসিক মিটিং বা রেজল্যুশন করা হয় না। এগুলোতে পরিষদের সদস্যদের ডাকা হয় না।  বিভিন্ন ক্ষেত্রে এসব সদস্যদের স্বাক্ষর জাল করা হয়।

তবে ইউপি চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুক বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে সব ধরনের কাজ স্বচ্ছতার সঙ্গে করে যাচ্ছি। অনৈতিক সুবিধা না পেয়ে তারা কাল্পনিক অভিযোগ উপস্থাপন করেছেন।

নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের দায়িত্বরত উপ-পরিচালক ফকরুল হাসান বলেন, বিষয়টির তদন্ত করে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।