'দ্য ভ্যাক্সিন ওয়ার' : ৮২ জন লিখলেন ৩২০০ পাতার চিত্রনাট্য!

বছরভর 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে বিতর্ক চলল। সবেরই পাল্টা জবাব দিয়ে গেলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রীও। তবে এবার আর পুরনো ছবির কিসসা নয়, নতুন কাজের খবর দিলেন বিবেক।

চিত্রনাট্য লিখতে লেগেছে ৩২০০ পৃষ্ঠা! ৮২ জন লোক মিলে দিনরাত ধরে লিখেছেন সেই গল্প। গবেষণা চলেছে দীর্ঘ সময় ধরে। এত সাধনায় কী করতে চলেছেন বিবেক?

জানালেন, তার পরবর্তী ছবি কভিড নিয়ে। মহামারী পরিস্থিতিতে ভারতজুড়ে যে টিকাদান কর্মসূচি চলেছে, তা নিয়ে নানাবিধ বিতর্ক এবং চ্যালেঞ্জ এ ছবির বিষয়বস্তু। যা বিশ্বের বৃহত্তম জনবহুল দেশে টিকাদান অভিযান, তাই ছবির নামেও রয়েছে যুদ্ধের ইঙ্গিত। নাম, 'দ্য ভ্যাক্সিন ওয়ার'।

শনিবার, সোশাল মিডিয়ায় নতুন ছবির কথা ঘোষণা করে পরিচালক জানান, শিগগিরই শুটিং শুরু হবে। লিখলেন, শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। আসছে 'দ্য ভ্যাক্সিন ওয়ার'।

আপৎকালীন পরিস্থিতিতে দেশের বিজ্ঞানী এবং চিকিৎসকদের নিরন্তর লড়াইকে সম্মান বিবেকের পরবর্তী ছবি। তুলে ধরবে ভ্যাক্সিন তৈরির বৃত্তান্ত। যার জন্য গোটা বছর ধরে গবেষণা করেছেন বলে জানান পরিচালক।

২০২৩ সালের ১৫ আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে 'দ্য ভ্যাক্সিন ওয়ার'। বাংলা, হিন্দি, ইংরেজি, তামিল, মালয়ালম-সহ দশটি ভাষায় মুক্তি পাবে ছবিটি। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া