মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের বাথরুমে ছাত্রীর আত্মহত্যা

মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটে লিমা আক্তার (২০) নামে দ্বিতীয় বর্ষের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে এই বিষয়ে মুখ খুলছে না ইনস্টিটিউটের কর্তৃপক্ষ।

নিহত লিমা আক্তার জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার চর রঘুনাথ গ্রামের মৃত বেলাল হোসেনের মেয়ে এবং একই এলাকার চাঁন মিয়ার স্ত্রী।

পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার রাত দশটার দিকে নার্সিং ইনস্টিটিউটের চার তলার রুমের বাথরুমের দরজা বন্ধ পায় সহপাঠীরা। পরে সহপাঠীরা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে বাথরুমের দরজা খুলে লিমা আক্তারকে ভেতরে ভেনটিলেটরের সঙ্গে ফাঁস নেওয়ার চেষ্টা করা অবস্থায় নিচে পড়ে থাকতে দেখে।

পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তিনি মারা যান।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।