বিশ্বকাপের সেমিফাইনালে উঠলে আর্জেন্টিনা কখনো হারে না। কাতার বিশ্বকাপেও দুইবারের চ্যাম্পিয়নদের এই রেকর্ড অক্ষুণ্ণই রইল। ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা।
লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে মেসিরা। দুটি গোল করেন হুলিয়ান আলভারেজ। অন্য গোলটি করেন লিওনেল মেসি।
ক্রোয়েশিয়া গত আসরের রানার্সআপ। এবারও তারা দুর্দান্ত গতিতে এগোচ্ছিল। কোয়ার্টার ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে। তবে আর্জেন্টিনার বিপক্ষে দাঁড়াতেই পারেনি তারা।
এই আসরের আগ পর্যন্ত চারবার সেমিফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। যেখানে একবারও হারেনি তারা। বিশ্বকাপ ফুটবলের প্রথম আসরেই সেমিফাইনালে খেলে আর্জেন্টিনা। এরপর ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে, ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে এবং ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে। প্রতিবারই শেষ হাসি হাসে তারা।
১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও সেবার সেমিফাইনাল ছিল না। আর্জেন্টিনায় অনুষ্ঠিত সে আসরে প্রথমে ১৬ দল ৪ গ্রুপে ভাগ হয়ে খেলে। সেই চার গ্রুপের সেরা আট দল দ্বিতীয় রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়। এই দুই গ্রুপের সেরা দুই দল খেলে ফাইনাল।
সেই হিসেবে এবারের আগ পর্যন্ত বিশ্বকাপে পাঁচবার ফাইনাল খেললেও চারবার সেমিফাইনাল খেলেছে আর্জেন্টিনা।
আর এবার দিয়ে মোট ৬বার বিশ্বকাপের ফাইনালে পা রাখল আর্জেন্টিনা।