ক্রোয়েশিয়ার হারে ব্যথিত ‘বিশ্বকাপের গার্লফ্রেন্ড’

কাতারে বিশ্বকাপ শুরুর তিন সপ্তাহ পেরিয়ে গেছে। সেখানে বিশেষ নজর কেড়েছেন একজন, যিনি ক্রোয়েশিয়ার খেলার সময় স্টেডিয়াম জুড়ে উষ্ণতা ছড়িয়ে বেড়াচ্ছিলেন। তার নাম ইভানা নল। তিনি ‘বিশ্বকাপের গার্লফ্রেন্ড’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

মঙ্গলবার লুসাইলে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচে তিনি উপস্থিত ছিলেন। তবে দল জিততে পারেনি। লিওনেল মেসির এক গোল, সঙ্গে দুই অ্যাসিস্টে যেন তার কাছেই হেরে গেছে ক্রোটরা। হারের পর তাই মনের ব্যথা চেপে রাখতে পারেননি। সেই ক্ষোভ থেকে সমালোচনা করেছেন লিওনেল মেসির জাতীয় দল আর্জেন্টিনার। যেমনটি করেছিলেন মেক্সিকোর বক্সার ক্যানোলা আলভারেজ।

লুসাইলে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা ৩-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। যে হারের পর মিস ক্রোয়েশিয়া খ্যাত মডেল ইভান নিজের বিরক্তি লুকিয়ে রাখেননি, তিনি স্বীকার করেছেন পরাজয়ে তিনি ব্যথিত। কারণ ইভানা নাকি নিশ্চিত ছিলেন আর্জেন্টিনা ভালো দল নয়, তবে দিনটি ক্রোয়েশিয়ার পক্ষে যে ছিল না সেটাও মানছেন তিনি।

এক ভিডিওতে তিনি বলেছেন, ‘আমি মনে করি না লিওনেল মেসির আর্জেন্টিনা খুব একটা ভালো দল। তাই আমি নিশ্চিত ছিলাম ক্রোয়েশিয়া জিতবে। কিন্তু দিনটা আমাদের পক্ষে ছিল না।’