বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, কালো পতাকা উত্তোলন, শহীদদের স্মরণ করে নীরবতা পালন, কালো ব্যাজ ধারণ, শোকসভা, শোক শোভাযাত্রা, বধ্যভূমি, শহীদ মিনার ও বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ, একাত্তরের টর্চার সেলে আলোক প্রজ্বালন, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ইত্যাদি। অনুষ্ঠানগুলোতে শহীদ বুদ্ধিজীবী হত্যার বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবিও জানানো হয়েছে। ব্যুরো, ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
চট্টগ্রাম : বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ। এতে বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) উজ্জ্বল কুমার রায়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ ও জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল দুলু প্রমুখ। এছাড়া, চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানো হয়।
খুলনা : সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এতে সভাপতিত্ব করেন।
বরিশাল : জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা, সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রমুখ অনুষ্ঠানমালায় অংশ নেন।
ময়মনসিংহ : সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসানসহ শিক্ষকরা এতে উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ : শিশু একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা’র সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম।
ঝালকাঠি : সকাল সাড়ে ১০টায় শহরের সুগন্ধা নদীর তীরে পৌর খেয়াঘাট এলাকার বধ্যভূমিতে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
কিশোরগঞ্জ : বুদ্ধিজীবী হত্যার বিচারের রায় অবিলম্বে কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সকালে শহরের আখরা বাজারের শহীদ সৈয়দ নজরুল চত্বরে মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল গণি প্রমুখ।
সাতক্ষীরা : জেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, ’৭১-এর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটি ও বিভিন্ন স্কুল-কলেজের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুমায়ুন কবীর।
রাবি : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়। পরে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে এবং শহীদ মিনার ও বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
মাভাবিপ্রবি : ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেনের নেতৃত্বে বের হয় শোক র্যালি।
এছাড়াও উপজেলা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের ব্যানারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের খবর পাওয়া গেছে।