হজ ও ওমরাহযাত্রীদের শিশুদের দেখাশোনার উদ্যোগ নিয়েছে মক্কার ক্লক রয়্যাল টাওয়ার কর্র্তৃপক্ষ। ২০২৩ সালের রমজান মাস থেকে এ সেবা পাবেন মক্কার ক্লক টাওয়ারে অবস্থানরত যাত্রীরা। ক্লক টাওয়ার হোটেলের সিইও সূত্রে সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
আবদুল আজিজ আল মুসা বলেছেন, ‘ফেয়ারমন্ট হোটেলে অবস্থানরত হজ ও ওমরাহযাত্রীদের বাচ্চাদের দেখাশোনার জন্য একটি নার্সারি থাকবে। ২০২৩ সাল থেকে এর প্রথম ধাপ চালু হবে যেখানে একসঙ্গে ১৫০ শিশুর দেখাশোনার ব্যবস্থা থাকবে। ২০২৪ সালে এর দ্বিতীয় ধাপ চালু হবে। তখন সেখানে তিনশ থেকে পাঁচশ শিশুর দেখাশোনার ব্যবস্থা থাকবে।’
আল মুসা আরও জানান, শিশুদের সেবা ও যতে্নর এমন উদ্যোগ হজ ও ওমরাহযাত্রীদের জন্য খুবই প্রয়োজন ছিল। কারণ হজ ও ওমরাহ পালনের সময় যাত্রীরা উপলব্ধি করবেন যে তাদের সন্তানদের কেউ দেখাশোনা করছে। ফলে তারা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে সব কাজ সম্পন্ন করতে পারবেন। উচ্চপ্রযুক্তির ব্রেসলেটের মাধ্যমে বাবা-মা সন্তানদের শনাক্ত করতে পারবেন এবং ক্যামেরার মাধ্যমে শিশুযতেœর সুবিধাগুলোও দেখতে পারবেন।
শিশুদের ধর্মীয় শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সময় শিশুদের পবিত্র মক্কা নগরী সম্পর্কে ধারণা দেওয়া হবে। বিনোদনের ব্যবস্থার পাশাপাশি শিশুদের উপযোগী মৌলিক ইসলামি শিক্ষাদানের ব্যবস্থা থাকবে। তা ছাড়া তাদের বাবা-মায়েরা যে হজ বা ওমরাহ পালন করছেন সেই সম্পর্কেও তাদের ধারণা দেওয়া হবে।’
আল মুসা বলেন, ‘বর্তমানে বিদেশি দর্শনার্থীদের হোটেলে থাকার গড় সময় পাঁচ দিন। তবে সময়সীমা বৃদ্ধির জন্য কাজ করছে কর্র্তৃপক্ষ। এর মাধ্যমে অবস্থানের মান উন্নয়ন, ধর্মীয় বিনোদনের স্থান তৈরি, খাদ্য ও পানির স্থান উন্নত করা এবং ওমরাহযাত্রীদের ভ্রমণ ও সাংস্কৃতিক অভিজ্ঞতায় অংশ নেওয়ার সুযোগ বৃদ্ধি করা হবে।’