কাতারে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরেছে ব্রাজিল। তাতে মিশন হেক্সা অসম্পূর্ণই থেকে গেছে। এই বিদায়ে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কোচ তিতে। ২০১৬ থেকে ব্রাজিলের জাতীয় দলের দায়িত্বে ছিলেন। পর পর দুটো বিশ্বকাপে দায়িত্বে থেকেও ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালের বেশি পৌঁছে দিতে পারেননি। তবু তিতেকেই সেরা কোচ হিসেবে বেছে নিলেন নেইমার।
কোয়ার্টার ফাইনালের লড়াই শেষে চোখের জলে মাঠ ছেড়েছিলেন নেইমার। জাতীয় দলের কোচের বিদায় বেলাতেও আবেগ ধরে রাখতে পারলেন না তিনি।
ইনস্টাগ্রামে পোস্ট করে তিতের সঙ্গে নিজের ছবি দিয়েছেন নেইমার। সেখানে তিনি লিখেছেন, ‘আপনার সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা হওয়ার আগে অনেক বার আপনার বিপক্ষে মাঠে নেমেছি। বলতে দ্বিধা নেই, আপনাকে দেখে আমার খুব বিরক্তিকর মানুষ বলেই মনে হত। কারণ আপনি আমাকে আটকানোর জন্য একাধিক ফুটবলারকে ব্যবহার করতেন। যারা আমাকে সারাক্ষণ ঘিরে রাখত। আপনি আমাকে হারানোর জন্য সব রকম চেষ্টা করতেন এবং আমার সম্পর্কে অসত্যও বলতেন! কিন্তু ভাগ্য কী হাস্যকর। তাই না? অথচ কোচ হয়ে আসার পর সেই আপনিই আমাকে নিজের দলের ১০ নম্বর হিসেবে বেছে নিয়েছিলেন।’
ব্রাজিলের কোচ হিসেবেও তিতের প্রশংসা করেছেন নেইমার। বিদায়ী কোচ সম্পর্কে তিনি লিখেছেন, ‘আমি জানি আপনি এক জন দারুণ কোচ। আমি এটাও জানি আপনি তার থেকেও অনেক বেশি ভাল এক জন মানুষ। দেখা হওয়ার আগেই আমার সম্পর্কে স্বচ্ছ ধারণা ছিল আপনার। সেটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। আমি আপনাকে সব কিছুর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে অনেক কিছু শিখেছি। প্রায় সব কিছুই শিখিয়েছেন আমাদের।’
নেইমার আরও লিখেছেন, ‘আপনি আমার দেখা অন্যতম সেরা কোচ। সব সময়ই আপনি আমার সেরা কোচদের এক জন থাকবেন। আমি আপনাকে ধরে রাখতে চাই। একসঙ্গে কাটানো মুহূর্তগুলো খুব সুন্দর ছিল। এমন অনেক মুহূর্তও কাটিয়েছি যেগুলো আমাদের কষ্ট দিয়েছে। তার শেষটা আমাদের দীর্ঘ দিন কষ্ট দেবে। আপনি বিশ্বকাপের সঙ্গে সেরা কোচের মুকুট পাওয়ার যোগ্য। আমরা যা যা করেছি, সব কিছুর জন্যই এটা আমাদের প্রাপ্য ছিল। আমাদের সব থেকে বড় স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সব কিছু ত্যাগ করেছিলাম আমরা। হয়তো ঈশ্বর চাননি আমরা এই ভাবে অর্জন করি। ধৈর্য রাখুন।’