এমন ব্যস্ততাই তো সবসময় প্রত্যাশা করি

তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী আসিয়া ইসলাম দোলা। সেরাকণ্ঠ-খ্যাত এই গায়িকা এখন দারুণ ব্যস্ত সময় পার করছেন। সামনে আসছে নতুন গান। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

স্টেজে ব্যস্ততা...

প্রতিদিন কোনো না কোনো কাজে ব্যস্ত থাকছি। এমন ব্যস্ততাই তো সবসময় প্রত্যাশা করি। কিন্তু তরুণ শিল্পীদের জন্য তা সব সময় হয়ে ওঠে না নানা কারণে। এখন শীতের মৌসুম, এই সিজনে শিল্পীরা সবচেয়ে বেশি ব্যস্ত থাকেন স্টেজ শো নিয়ে। আমিও সম্প্রতি বেশকিছু স্টেজ শো করেছি। সর্বশেষ করলাম চট্টগ্রামের বিএমই ও গুলশানের অল কমিউনিটি ক্লাবে। আগামী ১৭ নভেম্বরে গাইব বরগুনাতে, ২২ তারিখ চুয়াডাঙ্গা, ২৪-এ বরিশাল ও থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজার। এর মধ্যে আরও শো বুকিং হয়ে যাবে।

টিভি লাইভ শো...

স্টেজের পাশাপাশি সম্প্রতি বিটিভি, বাংলাভিশন, চ্যানেল ২৪, মাই টিভি ও গ্লোবাল টিভিতে লাইভ শো করেছি। আগামীকাল চ্যানেল ২৪-এর মধ্যরাতের জনপ্রিয় অনুষ্ঠান ‘সোল অব মিউজিক’-এ গাইব। ফোক ও আধ্যাত্মিক ধাঁচের চারটি গান দিয়ে সাজানো অনুষ্ঠানটি।

ফুটবল নিয়ে গান...

ফুটবল খেলা ভীষণ পছন্দ করি। আমি আর্জেন্টিনার সমর্থক। আমার দল এখনো বিশ্বকাপের শক্ত দাবিদার। সেদিক দিয়েও মনটা ভালো। তবে আমি বিশ্বকাপ নিয়ে কোনো গান এবার করতে পারিনি। করেছি ঢাকা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় সাফ গেমসজয়ী আমাদের দামাল নারী ফুটবলারদের নিয়ে একটি গান।

মৌলিক গান...

অনেক চেষ্টা করছি নিজের কিছু গান করতে যা মানুষের মুখে মুখে থাকবে। খুব সুন্দর কিছু গান করেছিও, কিন্তু সেভাবে মানুষের কাছে পৌঁছায়নি। এখন আসলে কোনো গানই বুস্টিং ছাড়া মানুষের কাছে পৌঁছায় না। কিন্তু আমার গানগুলো বুস্টিং করা হয় না। নিজের মতো চেষ্টা করছি গানগুলো মানুষের মাঝে পরিচিত করতে। কিছু মৌলিক গান প্রতিটি কনসার্টে গাই। নতুন গানেরও কাজ করে যাচ্ছি পাশাপাশি। সামনেই প্রকাশ হবে ‘আমি কি পেয়েছি’ ও ‘রঙ্গ’ গান দুটি।