কিউইদের টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন উইলিয়ামসন

নিউজিল্যান্ডের সাদা পোশাকে আর টস করতে দেখা যাবে না কেন উইলিয়ামসনকে। টেস্ট দলের অধিনায়কত্ব তিনি ছেড়ে দিয়েছেন। আজ বৃহস্পতিবার নিউজিল্যান্ড ক্রিকেট খবরটি জানিয়েছে।

উইলিয়ামসন নেতৃত্ব ছাড়ায় ক্রিকেটের অভিজাত সংস্করণে নিউজিল্যান্ড দলের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে পেসার টিম সাউদির হাতে। দেশটির ৩২তম টেস্ট অধিনায়ক হতে যাচ্ছেন তিনি। সহকারী হিসেবে পাচ্ছেন টম লাথামকে। টেস্টের অধিনায়কত্ব ছাড়লেও উইলিয়ামসন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কিউইদের নেতৃত্ব চালিয়ে যাবেন।

৬ বছর আগে ব্রেন্ডন ম্যাককালামের পর নিউজিল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন উইলিয়ামসন। টেস্ট অধিনায়ক হিসেবে দুর্দান্ত করেছেন তিনি। ৩৮টির মধ্যে ২২ টেস্ট জয়ের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে তার ব্যাটিং গড় ছিল এ সময় ৫৭। অধিনায়ক হিসেবে তিনি শতরান করেছেন ১১টি। এর মধ্যে ৮টি টেস্ট নিউজিল্যান্ড জিতেছিল। তার অধিনায়কত্বেই ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে নিউজিল্যান্ড।

৩২ বছর বয়সী উইলিয়ামসন এক বিবৃতিতে বলেছেন, ব্যস্ত ক্রিকেট সূচিতে নিজেকে হালকা রাখতে এ সিদ্ধান্ত নিয়েছি। এনজেডসির সঙ্গে আলাপ-আলোচনা করেই এ সিদ্ধান্ত।

এ মাসের শেষ দিকে পাকিস্তান সফরের টেস্ট সিরিজ দিয়ে নিজের টেস্ট অধিনায়কত্বের শুরুটা করবেন সাউদি। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া সিরিজে নিউজিল্যান্ড ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড।