কাতার বিশ্বকাপের পর্দা নামছে আগামী রবিবার। সেদিন দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে সেই খেলার আগে লুসাইল থেকে এলো দুঃসংবাদ। স্টেডিয়ামের এক নিরাপত্তাকর্মী আট তলা থেকে পড়ে গিয়ে মারা গেছেন।
কেনিয়া থেকে এসেছিলেন এই নিরাপত্তাকর্মী। ২৪ বছর বয়সী জন কিবু নামের এই ব্যক্তি স্টেডিয়ামের একটি উঁচু জায়গা থেকে পড়ে যান। ১০ ডিসেম্বর সেই ঘটনাটি ঘটে। সে দিন আর্জেন্টিনার বিপক্ষে নেদারল্যান্ডস ম্যাচ ছিল লুসাইলে।
নিরাপত্তারক্ষীর মৃত্যুর খবর জানিয়ে স্টেডিয়াম কর্তৃপক্ষ বলেন, ‘মঙ্গলবার হাসপাতালে মারা যান উনি। সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে ৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হল না। তার পরিবার, বন্ধুদের সমবেদনা জানাই।’
কিবুর পরিবার যদিও স্টেডিয়াম কর্তৃপক্ষের এই সমবেদনাতে শান্ত থাকতে পারছে না। পরিবারের তরফে বলা হয়, ‘আমরা উত্তর চাই। যদি সম্ভব হয় অবশ্যই কিবুর মরদেহ আমাদের কাছে পাঠানো হোক। আমাদের পক্ষে এই মৃত্যু মেনে নেওয়া কঠিন। শুধু সমবেদনা দিয়ে ছেড়ে দিলে হবে না।’
প্রায় এক বছর ধরে কাতারে কাজ করছিলেন কিবু। তার পরিবারের পক্ষ থেকে একটি ছবিও দেওয়া হয় যেখানে দেখা যাচ্ছে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আর্জেন্টিনা ম্যাচের পরেই মারা যান কিবু। কেনিয়া থেকে প্রচুর মানুষ কাতারে কাজ করতে আসেন।
গত বছর কেনিয়ার এক পরিযায়ী শ্রমিক কাতারে কাজ করতে এসে সেখানকার অব্যবস্থার কথা তুলে ধরেছিলেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। বিশ্বকাপ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে কিবুর মৃত্যুর কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং এটা নিয়ে তদন্ত করা হবে।