জগতবেড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়ন সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম শাহাদৎ হোসেন (২৮)। তিনি ইদ্রিস আলীর ছেলে, বাড়ি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট গ্রামের গাইবান্ধাপাড়ায়। 

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশিদের একটি দল জগতবেড় সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭-৮ নম্বর সাব পিলারে দিয়ে গরু পার করতে থাকে। এ সময় ভারতের কুচবিহার জেলার মাথাভাঙা থানার আশোকবাড়ি গ্রামের মেডিকেলবাড়ী সেতু এলাকা সীমান্তের ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের চুয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছুড়ে। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে ভারতের অভ্যন্তরে শাহাদৎ হোসেনের মৃত্যু হয়। নিহতের লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে।

শাহাদৎ হোসেনের বাবা ইদ্রিস আলী (৫০) জানান, ‘বিএসএফের গুলিতে আমার ছেলে শাহাদৎ মারা গেছে। ছবিতে দেখেছি বুকে গুলি লেগেছে। আমার ছেলে গত ৩ বছর আগে বিয়ে করে। তার একটি দেড় বছর বয়সের ছেলে সন্তান রয়েছে।’ 

এ ব্যাপারে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, সীমান্ত পিলার থেকে ১২০ গজ ভারতের ভেতরে পড়ে থাকা লাশের ব্যাপারে দায়িত্বরত বিজিবির টহল দল তাদের (বিএসএফকে) জানায়। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।