মরক্কোর পতন ঘটিয়ে ফাইনালে মাঠ কাঁপাবে আর্জেন্টিনা ও ফ্রান্স। ফাইনালের রাতে ফুটবলে মেসির মুখোমুখি হবে আরেক তারকা এমবাপ্পে। সেই লড়াইয়ে চোখ জুড়াতে অপেক্ষায় সারা বিশ্ব।
বিশ্বকাপ ফুটবল ২০২২ এর উপলক্ষে দেশ রূপান্তর বিশাল আয়োজন নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনায় শামিল হয়েছে। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর করেছে সবচেয়ে বড় আয়োজন। বুরুচাগা, ভেরন, জিকোর মতো কিংবদন্তি ফুটবলারদের নিয়মিত কলাম ছাড়াও পাঁচটি বিশ্বকাপ কুইজ প্রকাশিত হচ্ছে দেশ রূপান্তরের পাতায়। রূপায়ণ সিটি, র্যাংগস, ভিসতা, ওয়ালটন ও বসুন্ধরা কিংসের সহায়তায় আয়োজিত এ পুরস্কারগুলোর প্রত্যেকটিতেই থাকছে আকর্ষণীয় সব উপহার। সিটি মেগা কুইজের পুরস্কার হিসেবে আছে রূপায়ণ সিটির সৌজন্যে একটি রেডি ফ্ল্যাট।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ড্র ও পুরস্কার প্রদান আয়োজনে কুইজ-২৩ এর বিজয়ী নব্ম শ্রেণির শিক্ষার্থী রুমি বললেন, 'ট্যাবটি পেয়ে আমি খুবই আনন্দিত। এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে আমি পৃথিবীকেই জানতে পারবো, পৃথিবীকে চিনতে সহায়তা করায় দেশ রূপান্তরকে ধন্যবাদ, আমি অনেক কিছু শিখতে পারব’।
কুইজের ড্র ও পুরস্কার প্রদান আয়োজনে অতিথি ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ হাসানুজ্জামান খান বাবলু, দৈনিক দেশ রূপান্তরের গ্রাফিক্স বিভাগের প্রধান মোহাম্মদ আলী এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার গালিব নকিব রহমান। অতিথিরা এ আয়োজনে পুরস্কার তুলে দেন বিজয়ী রুমির হাতে।
তার আগে পুরস্কার প্রদান আয়োজনের সঞ্চালক, দেশ রূপান্তরের হেড অব ইভেন্টস অ্যান্ড ব্র্যান্ডিং শিমুল সালাহ্উদ্দিনের প্রশ্নের জবাবে, সাবেক ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু বলেন, 'বাঙালির রক্তের মধ্যেই মিশে আছে ফুটবল। বাংলাদেশের মতো এমন ফুটবলপ্রিয় দেশ আর কোথাও নেই, তবে আমার মনে হয় বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে অনেক কিছু ঠিক করতে হবে।'
দেশ রূপান্তরের গ্রাফিক্স বিভাগের প্রধান মোহাম্মদ আলী বলেন, ‘কুইজের মাধ্যমে যে এতো পাঠক তৈরি হয়েছে এতে আমি আনন্দিত ও গর্বিত, কুইজ আয়োজনের সাথে যুক্ত সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই’।
অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার গালিব নাকিব রহমান জানান, আমার প্রিয় দল ব্রাজিল কোয়ার্টার ফাইনালেই বাদ পড়েছে। ফাইনালে দুই দলের জন্য শুভকামনা রয়েছে। তবে আমি চাই ফ্রান্স জিতুক।
ড্র আয়োজনে এরপর অজস্র সঠিক উত্তরের মধ্যে থেকে কুইজ ২৪ এর বিজয়ীর নাম তোলেন অতিথিরা। শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় কুইজের ড্র আয়োজনে তার হাতে বসুন্ধরা কিংসের ট্যাব তুলে দেওয়া হবে।
বসুন্ধরা কিংস প্রতিদিনের কুইজ ব্যবস্থাপনায় সহযোগিতা করেছেন প্রদায়ক ঐশ্বর্য্য ইকা, এনামুল হক নাঈম, মাসুমা মুসরাত শৈলী ও আহমদ মানিক। পুরো আয়োজনটি দেখা যাবে দৈনিক দেশ রূপান্তরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।