নারায়ণগঞ্জে তিন কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় নানা কৌশলে পৃথক ঘটনায় তিন কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় তিন কিশোরীর অভিভাবক থানায় অভিযোগ করলে বৃহস্পতিবার রুপালী এলাকা থেকে আলমগীর ওরফে আলম (৫০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে ওই দিন দুপুরে এ ঘটনায় কিশোরীদের অভিভাবক বাদী হয়ে বন্দর থানার পৃথক তিনটি মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, বন্দর রুপালী আবাসিক এলাকার ৪নং গলির মাহবুবা চায়নার বাড়িতে এ তিনটি ধর্ষণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর আড়াইটায় কিশোরীকে (১০) তার ভাড়া বাড়ি থেকে পানি আনতে বলেন এবং কিশোরী তার কথামত পানি আনতে গেলে আলম তার মুখ চেপে ধরে ধর্ষণ করেন। ধর্ষণের পর ওই কিশোরীকে এ বিষয়ে কারও কাছে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

অপর ঘটনায় ১২ ডিসেম্বর (সোমবার) সকালে কিশোরী (১১) তার বান্ধবীর সঙ্গে আলমের বাসায় গেলে তার মুখে চেপে ধরে ধর্ষণ করে তাকেও হুমকি দেওয়া হয়।

অপর ঘটনা একই দিনদুপুর দেড়টায় কিশোরীকে (১১) চকলেট খাওয়ার জন্য টাকা দেওয়ার কথা বলে বাসায় নিয়ে যায় এবং মুখে চেপে ধরে ধর্ষণ করে এবং কারও কাছে এ বিষয়ে বললে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেন।

ঘটনার পর তিন কিশোরী তাদের পরিবারকে ধর্ষণের বিষয়টি জানালে তারা থানায় মামলা দায়ের করেন।

বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ধর্ষণের ঘটনায় তিনটি মামলা নেয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীদের ডাক্তারি পরীক্ষার পর জবানবন্দি রেকর্ডের জন্য হাসপাতালের পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আদালতে পাঠানো হয়েছে।